এবার পুঁজিবাজারে আসছে মূল বিএসআরএম

শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ইস্পাত খাতের ৬০ বছরের পুরোনো কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড বা বিএসআরএম।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় গতকাল মঙ্গলবার কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন দেওয়া হয়।
বর্তমানে দেশের দুই স্টক এক্সচেঞ্জে বিএসআরএমের অপর সহযোগী কোম্পানি বিএসআরএম স্টিল তালিকাভুক্ত রয়েছে। এর ৪০ শতাংশ শেয়ার রয়েছে মূল বিএসআরএমের হাতে। সহযোগী কোম্পানির পর এবার মূল বিএসআরএম শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে।
বিএসইসি জানিয়েছে, মূল বিএসআরএম আইপিওর মাধ্যমে এক কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৬১ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ২৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। সংগৃহীত টাকা কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজে ব্যয় করবে। আইপিও আবেদনের সঙ্গে কোম্পানিটি বিএসইসিতে ২০১৩ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস (আর্নিং পার শেয়ার) দেখানো হয়েছে পাঁচ টাকা ছয় পয়সা। এ ছাড়া শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য বা এনএভি (নেট অ্যাসেট ভ্যালু) ৫২ টাকা ৯ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম স্টিল রি-রোলিং মিলস হিসেবে কোম্পানিটির যাত্রা শুরু হয়।
এদিকে বিএসআরএমে আইপিও অনুমোদন ছাড়াও গতকালের কমিশন সভায় আরও দুই কোম্পানিকে মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে সজীব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্টস লিমিটেড ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।