এবার সূচকের সঙ্গে লেনদেনও কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আস্থাহীন শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার সূচক আরও কমেছে। সেই সঙ্গে লেনদেনও আগের দিনের চেয়ে কমে গেছে। দুই বাজারেই লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দাম কমেছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আরও ১০ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৬১০ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮৯ পয়েন্টে।

যদিও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দাবি, বাজারে আস্থার কোনো সংকট নেই। আস্থা সংকটের যে কথা প্রচার করা হচ্ছে, তা মোটেও সঠিক নয়।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদনের পরিমাপ দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থাকে নিয়ন্ত্রক সংস্থা যেভাবে সংজ্ঞায়িত করছে, সেটিই পুরোপুরি ভুল সংজ্ঞা। আইপিওতে কত গুণ বেশি আবেদন জমা পড়ল, তা দিয়ে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আস্থা পরিমাপ করা সম্ভব নয়।

তবে বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আস্থার সংকট বিরাজ করছে। যার কারণে বিনিয়োগে আস্থাশীল হতে পারছেন না তাঁরা। এতে করে লেনদেন ও সূচকে গতি ফিরছে না।
হেলাল উদ্দিনের মতে, বাজারে সূচক কমবে, বাড়বে। এটাই স্বাভাবিক। কিন্তু লেনদেন যখন কমে যায়, তখন বুঝতে হবে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে গেছে। আস্থা বা মনোবল ঘাটতির কারণে বিনিয়োগকারীরা যখনই বিনিয়োগ থেকে দূরে থাকেন, তখনই লেনদেন কমে যায়। এ মুহূর্তে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও হাত খুলে বিনিয়োগ করছে না বলেও মনে করেন হেলাল উদ্দিন।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৬৯ কোটি টাকা কমে নেমে এসেছে ৪৪৬ কোটিতে। চট্টগ্রামের বাজারে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা কমে নেমে এসেছে ২৯ কোটিতে।