এবার ৬ হাজার ২০০ পয়েন্টের রেকর্ড উচ্চতায় ডিএসইর সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এবার ৬ হাজার ২০০ পয়েন্ট ছাড়িয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ডিএসইএক্স সূচকটি ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৪ পয়েন্টে। এর ফলে সূচকটি পৌঁছে গেছে রেকর্ড উচ্চতায়। ২০১৩ সালের ২৭ জানুয়ারি নতুন এ সূচক চালু হওয়ার পর গতকালই এটি সর্বোচ্চ উচ্চতায় উঠেছে। রেকর্ড হয়েছে বাজার মূলধন ও অপর দুই সূচকেও।

ডিএসইর বাজার মূলধন গতকাল দিন শেষে বেড়ে ৪ লাখ ১৩ হাজার ৮৯ কোটি টাকার রেকর্ড উচ্চতায় উঠেছে। বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি এদিন ২ হাজার ২২৫ এবং শরিয়াভিত্তিক ডিএসইএস সূচকটি ১ হাজার ৩৮৫ পয়েন্টের রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল দিন শেষে লেনদেন আবারও দেড় শ কোটি টাকা ছাড়িয়েছে। গত সাড়ে তিন মাস পর গতকালই সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ৩১ মে সিএসইতে ১৭৩ কোটি টাকার সর্বোচ্চ লেনদেন হয়েছিল। আর গতকাল দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১৫৫ কোটি টাকা।

বাজার-সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন অল্প অল্প করে বাজারে নতুন বিনিয়োগ আসছে। আর এর বেশির ভাগ বিনিয়োগ আসছে পুরোনো বিনিয়োগকারীদের হাত ধরে। অনেক নিষ্ক্রিয় বিনিয়োগকারী বাজারে আবারও সক্রিয় হয়ে উঠেছেন। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করার পর বাজারে প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বলে জানান কর্মকর্তারা।

মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সূচক ও সার্বিক বাজারের ওপর প্রভাব বিস্তারকারী ব্যাংক ও টেলিকম খাতে গতকাল কিছুটা মূল্য সংশোধন হয়েছে। তবে লেনদেনে শক্ত অবস্থান ছিল ব্যাংক খাতের। ব্যাংক ও টেলিকম খাতের শেয়ারের মূল্য সংশোধনের দিনে বিমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলো মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩০ ব্যাংকের মধ্যে মাত্র ৫টির দাম বেড়েছে। কমেছে ২১টির আর অপরিবর্তিত ছিল ৪টির দাম। অন্যদিকে বিমা খাতের লেনদেন হওয়া ৪৭ কোম্পানির মধ্যে ৩৩টিরই দাম বেড়েছে। আর বস্ত্র খাতের লেনদেন হওয়া ৪৮ কোম্পানির মধ্যে ৪০টিরই দাম বেড়েছে।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১২৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩০০ কোটি টাকা কম। সিএসইতে গতকাল দিন শেষে লেনদেন আগের দিনের চেয়ে দ্বিগুণ বেড়েছে।

এদিকে সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাছাই করা ৫০ কোম্পানি নিয়ে গঠিত স্টক এক্সচেঞ্জটির সিএসই-৫০ সূচকটি পুনর্গঠন করা হয়েছে। সূচকটিতে নতুন করে দুটি কোম্পানি যুক্ত হচ্ছে আর বাদ পড়ছে দুটি। যে দুটি কোম্পানি এ সূচকে যুক্ত হচ্ছে সেগুলো হলো প্রাইম ব্যাংক ও হাইডেলবার্গ সিমেন্ট। ২৪ সেপ্টেম্বর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ সূচক থেকে বাদ পড়েছে পাওয়ার গ্রিড ও আফতাব অটোমোবাইলস। সিএসই জানিয়েছে, বছরে দুবার এ সূচকটি সমন্বয় করা হয় নির্ধারিত মাপকাঠির ভিত্তিতে।