এবারও লভ্যাংশ দিতে পারল না আইসিবি ইসলামিক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি লোকসানে থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক। ২০১৬ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। বেশ কয়েক বছর ধরেই কোম্পানিটি শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারছে না।
গত ২ মার্চ কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানে শেয়ারধারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গতকাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়।
লভ্যাংশ দিতে না পারার ঘোষণায় সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আইসিবি ইসলামিক ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ২ শতাংশ বা ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সায়।
দীর্ঘদিন ধরে লোকসানে থাকায় ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) এ ব্যাংকটির শেয়ার অভিহিত মূল্যের নিচে লেনদেন হচ্ছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত দুই বছরের মধ্যে ব্যাংকটির শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছে ৬ টাকা ২০ পয়সায়। গত ২৬ জানুয়ারি সর্বোচ্চ এ দামে ওঠে কোম্পানিটির শেয়ার। এরপর তা কমতে কমতে গতকাল দিন শেষে ৫ টাকার নিচে নেমে আসে।
কোম্পানিটি ২০১৬ সালের সংক্ষিপ্ত যে আর্থিক তথ্য প্রকাশ করেছে তাতে বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ৪১ পয়সা ঋণাত্মক দেখানো হয়েছে। ২০১৫ সাল শেষে কোম্পানিটির ইপিএস ছিল ২১ পয়সা ঋণাত্মক। সেই হিসাবে ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ দ্বিগুণ বেড়েছে।
এদিকে সপ্তাহের শেষ দিনে গতকালও শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৭ পয়েন্টে। আর লেনদেন আগের দিনের চেয়ে ১৩২ কোটি টাকা কমে নেমে এসেছে ৮৩০ কোটি টাকায়।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল লঙ্কাবাংলা ফিন্যান্স। এককভাবে ঢাকার বাজারে কোম্পানিটির ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম প্রায় দেড় শতাংশ বা ৯০ পয়সা কমে দাঁড়িয়েছে ৬১ টাকা ৬০ পয়সায়।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীরা এখন কিছুটা অপেক্ষার নীতি অনুসরণ করছে। ফলে বাজারে লেনদেনের পরিমাণ কমে গেছে। এর মধ্যে ঢাকার বাজারে গতকালের লেনদেনে এগিয়ে ছিল ওষুধ ও প্রকৌশল খাত। ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশই ছিল এ দুই খাতের।