ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ অবস্থানে
এমারেল্ড অয়েলের ৮৮ কোটি টাকা নিয়ে প্রশ্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের প্রায় সাড়ে ৮৮ কোটি টাকার পণ্য ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটির নিরীক্ষক বা অডিটর। নিরীক্ষকের এ মতামত গতকাল রোববার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে শেয়ারধারীদের জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গতকাল তা প্রকাশ করা হয়।
কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে নিরীক্ষক প্রতিষ্ঠানটি বলেছে, ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক বছরের যে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়েছে, তাতে এমারেল্ড অয়েল প্রায় ৭২ কোটি টাকার পণ্য (ইনভেনটরি) সংরক্ষিত রয়েছে বলে দাবি করে। কিন্তু উল্লেখিত অর্থের সমপরিমাণ পণ্য আদৌ রয়েছে কি না, তা নিরীক্ষা প্রতিষ্ঠানটি সরেজমিনে যাচাই করতে পারেনি। ফলে নিরীক্ষা প্রতিষ্ঠানটি ওই পণ্যের সত্যতা সম্পর্কে কোনো নিশ্চয়তা দেয়নি।
অপর একটি আর্থিক লেনদেনের বিষয়ে নিরীক্ষা প্রতিষ্ঠানটি বলছে, আর্থিক প্রতিবেদনে কোম্পানির পক্ষ থেকে ধানের তুষ কেনা বাবদ প্রায় সাড়ে ১৬ কোটি টাকা অগ্রিম প্রদানের তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্যের সত্যতা নিশ্চিত করতে নিরীক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে চিঠির মাধ্যমে জানতে চায়। কিন্তু চিঠির জবাব না পাওয়ায় অগ্রিম হিসেবে দেওয়া অর্থের সত্যতা সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে নিরীক্ষক।
তালিকাভুক্ত কোম্পানিটি বেসিক ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধেও ব্যর্থ হয়েছে বলে এমারেল্ড অয়েল ও তার পরিচালকদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, এমারেল্ড অয়েল অনিয়মের মাধ্যমে বেসিক ব্যাংক দিলকুশা শাখা থেকে প্রায় ৭৪ কোটি ১৪ লাখ টাকা ঋণ-সুবিধা গ্রহণ করে। পরে ওই ঋণ পরিশোধ না করায় ২০১৫ সালে দুদক কোম্পানিটির চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক হাসিবুল গণি গালিবসহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করে। মামলার অপর আসামিদের মধ্যে এমারেল্ড অয়েলের পরিচালক ও ব্যাংকের একাধিক কর্মকর্তাও ছিলেন। জানা গেছে, আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। এ অবস্থায় গত ডিসেম্বরে কোম্পানিটিতে একজন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও নিয়োগ দেওয়া হয়।
২০০৮ সালে প্রতিষ্ঠিত এমারেল্ড অয়েল বাণিজ্যিক উৎপাদনে গেছে ২০১১ সালে। কোম্পানিটি স্পন্দন নামে রাইস বান অয়েল উৎপাদন ও বাজারজাত করত। উৎপাদনে যাওয়ার তিন বছরের মধ্যে, অর্থাৎ ২০১৪ সালের মার্চে এটির শেয়ারবাজারে তালিকাভুক্তি ও লেনদেন শুরু হয়। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে। আইপিওতে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিক্রি করা হয়। কোম্পানিটির ১০ টাকা মূল্যের শেয়ারের গতকাল দিন শেষে বাজারমূল্য ছিল প্রায় ৩৯ টাকা।
শেয়ারবাজারের একাধিক সূত্রে জানা গেছে, কোম্পানিটির মালিকানা হাতবদলের চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত কেউ তাতে আগ্রহ প্রকাশ করেনি।
এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দেড় শতাংশ বা ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৩ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ঢাকার বাজারে নতুন সূচক হিসেবে ডিএসইএক্স চালু করা হয়। সূচকটি চালু হওয়ার পর এটি গতকাল দিন শেষে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এদিন ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৬৫৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৪২ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক এদিন প্রায় দেড় শতাংশ বা ২৫৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন শত কোটি টাকা ছাড়িয়ে দাঁড়িয়েছে প্রায় ১০৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি টাকা বেশি।