এশিয়ার পুঁজিবাজারে ঘুরে দাঁড়িয়েছে লিরা
এশিয়ার পুঁজিবাজারের ঊর্ধ্বমুখী প্রভাবে ঘুরে দাঁড়িয়েছে তুরস্কের মুদ্রা লিরা। আজ সোমবার ডলারের বিপরীতে লিরার দর প্রায় ২ দশমিক ২ শতাংশ বেড়েছে।
গত শুক্রবার তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা চালায় দেশটির সামরিক বাহিনীর একাংশ। অভ্যুত্থানের পর থেকে লিরার দর প্রায় ৫ শতাংশ কমে যায়। অভ্যুত্থান ব্যর্থ হাওয়ায় ও এশিয়ার পুঁজিবাজার ইতিবাচক ধারায় থাকায় আবার ঘুরে দাঁড়াল লিরা।
তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা কমে গেছে। আজ প্রত্যাশার চেয়েও ঊর্ধ্বমুখী ছিল এশিয়ার পুঁজিবাজার। এ ক্ষেত্রে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আজকের লেনদেন শেষে অস্ট্রেলিয়ার প্রধান সূচক বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। এ ছাড়া দিনভর ইতিবাচক আছে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক।
জাপানে সরকারি ছুটি থাকায় আজ লেনদেন কার্যক্রম বন্ধ রয়েছে।