শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে ওইমেক্স ইলেকট্রোড নামের একটি কোম্পানি। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল মঙ্গলবারের সভায় কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এখন কোম্পানিটি আইপিওর অর্থ সংগ্রহ করে তারপর শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে।
বিএসইসি জানিয়েছে, আইপিওতে ওইমেক্স দেড় কোটি শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে প্রতিটি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি যে ১৫ কোটি টাকা পুঁজি সংগ্রহ করবে, তা দিয়ে মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল কিনবে। কোম্পানিটি আইপিও আবেদনের সঙ্গে যে আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে, তাতে গত পাঁচ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসের গড় দেখানো হয়েছে ২ টাকা ৩ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি ক্যাপিটাল।
এদিকে বিএসইসির গতকালের সভায় ওয়াইফ্যাং সিকিউরিটিজ নামের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী এক ব্রোকারেজ হাউসকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিজ আইন ভঙ্গ করে নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। একই সঙ্গে আইন লঙ্ঘন করে কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁদের আত্মীয়স্বজনকে দেওয়া ঋণ এবং গ্রাহক হিসাবের ৩ কোটি ৩০ লাখ টাকা আগামী ৩০ জুনের মধ্যে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এসব অর্থ সমন্বয় না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের বেতন-ভাতা বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বিএসইসি।