ওটিসি থেকে ফেরাতে নীতিমালা তৈরিতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক এক্সচেঞ্জের ওভার দ্য কাউন্টার বা ওটিসি নামের আলাদা বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো চাইলে মূলবাজারে ফিরতে পারবে। এ জন্য কোম্পানিগুলোকে সুনির্দিষ্ট কিছু নীতিমালা পালন করতে পারবে। 

বর্তমানে এ-সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তাই এ-সংক্রান্ত নীতিমালা তৈরির জন্য তিন সদস্যের একটি কমিটি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার কমিশনের সভায় এ কমিটি গঠন করা হয়।
সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন পরিচালক আবুল কালাম ও মনসুর রহমান। কমিটিকে আগামী এক মাস বা ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিএসইসি বলছে, সাম্প্রতিক সময়ে ওটিসিতে তালিকাভুক্ত কিছু কোম্পানির মূলবাজারে ফিরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। সুনির্দিষ্ট নীতিমালার আলোকে বিষয়টি বিবেচনা করা হবে।

স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত অস্তিত্বহীন ও দুর্বল ব্যবসায়িক কর্মকাণ্ডের কোম্পানিগুলোকে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে মূলবাজার থেকে আলাদা করে ওটিসি বাজারে স্থানান্তর করা হয়। এ ছাড়া নির্ধারিত সময়ে যেসব কোম্পানি কাগুজে শেয়ার থেকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরে ব্যর্থ হয়েছে, সেগুলোকে মূলবাজার থেকে ওটিসি বাজারে স্থানান্তর করা হয়। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওটিসি বাজারে ৬৬টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।