ওয়ালস্ট্রিটে আলিবাবা উন্মাদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দে উদ্বেলিত আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা
আনন্দে উদ্বেলিত আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তহবিল সংগ্রহে রেকর্ড গড়ল চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। আইপিওর এ যাবৎকালের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৫০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইনভিক্তিক বেচাকেনার এই প্রতিষ্ঠান।
বিনিয়োগকারীদের অতিরিক্ত চাহিদা মেটাতে বাজারে বাড়তি শেয়ার ছাড়তে হয়েছে আলিবাবাকে। অবশ্য প্রতিষ্ঠানটির কাছে বাড়তি শেয়ার ছাড়ার কোনো বিকল্প ছিল না। আর সে কারণেই রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করতে পেরেছে প্রতিষ্ঠানটি।
আলিবাবা আইপিও ছেড়ে যে পরিমাণ অর্থ সংগ্রহ করেছে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তার চেয়েও কম। রিজার্ভ এখন প্রায় দুই হাজার ২০০ কোটি ডলার।
শেয়ার কিনতে আগ্রহীদের চাহিদা এতই বেশি ছিল যে গত শুক্রবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রথম দুই ঘণ্টায় আলিবাবার কোনো শেয়ার বিক্রেতাকে খুঁজে পাওয়া যায়নি। নিউইয়র্কের পুঁজিবাজারে প্রথম বিক্রেতা খুঁজে পেতে এর আগে কখনো এত দেরি হয়নি। এটিও আরেকটি রেকর্ড।
আইপিওর মাধ্যমে বিনিয়োগকারীরা আলিবাবার প্রতিটি শেয়ার কিনেছিলেন ৬৮ ডলার দরে। শুক্রবার লেনদেনের শুরুতেই তা গিয়ে ঠেকে ৯৯ ডলারে।
নিউইয়র্ক পুঁজিবাজারে আলিবাবার শেয়ারের সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছে ‘বাবা’। শুক্রবার লেনদেন শেষে সেই ‘বাবা’র মূল্য দাঁড়ায় ৯৩ ডলার ৮৯ সেন্ট। বাজারমূল্যের ভিত্তিতে আমাজন, ই-বে, ফেসবুকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ছাড়িয়ে গেছে আলিবাবা। প্রতিষ্ঠানটি আইপিওর মাধ্যমে এবার ছাড়িয়ে গেল স্বদেশি প্রতিষ্ঠান অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়নাকে; যেটি ২০১০ সালে আইপিওর মাধ্যমে তোলে দুই হাজার ১০০ কোটি ডলার।
‘গ্রিনসু’ প্রক্রিয়ার মাধ্যমে আলিবাবা এই অতিরিক্ত শেয়ার ছাড়ছে। ‘গ্রিনসু’ হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একটি কোম্পানি অতিরিক্ত শেয়ার পুঁজিবাজারে ছাড়ার সুযোগ পায়। কোনো প্রতিষ্ঠানের শেয়ারের অতিরিক্ত চাহিদা তৈরি হলে এবং বিদ্যমান শেয়ারের সংখ্যা দিয়ে সে চাহিদা পূরণ করা না গেলে এই পদ্ধতি ব্যবহার করা হয়।
অতিরিক্ত শেয়ার ছাড়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওর পরিমাণ ছিল দুই হাজার ১৮০ কোটি ডলার। অতিরিক্ত শেয়ার ছাড়ার ফলে আলিবাবার আইপিওর আকার আগের চেয়ে বাড়ছে ১৫ শতাংশ।
তহবিল সংগ্রহের ভিত্তিতে সবচেয়ে বড় আকারের আইপিওর প্রথম চারটি স্থান এখন চীনা প্রতিষ্ঠানের দখলে। অবস্থান অনুযায়ী প্রতিষ্ঠানগুলো হলো—আলিবাবা, অ্যাগ্রিকারচারাল ব্যাংক অব চায়না, ঋণদাতা প্রতিষ্ঠান আইসিবিসি এবং হংকংভিত্তিক বিমা প্রতিষ্ঠান এআইএ।
আলিবাবার পুঁজিবাজার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা জানান, দুই হাজার ৫০০ কোটি ডলার তহবিল সংগ্রহের পরিকল্পনা নিয়েই তাঁরা কাজ করেছেন।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস