কমেছে লেনদেন, বেড়েছে সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বগতিতে দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচকের ইতিবাচক এই প্রবণতা। তবে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে।

ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৭ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,০২৫ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বগতিতে ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে সূচক গতকালের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচক বৃদ্ধির হার কমলেও দিন শেষে ইতিবাচক প্রবণতায় থাকে সূচক। গতকাল বুধবার ডিএসইতে সূচক কমেছিল ৪৮ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০টির দাম বেড়েছে। কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৬২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২৩ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৭৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ২০ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫০০ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৭টির দাম বেড়েছে, কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আজ প্রতিষ্ঠানটির ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডেসকো, গ্রামীণফোন, কেপিপিএল, কেয়া কসমেটিকস, কেপিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ারটেক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।