করোনাকালেও মুনাফায় ৭১% প্রবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিমেন্ট খাতের কোম্পানি হোলসিমকে কিনে নেওয়ার বড় সুফল মিলেছে লাফার্জের মুনাফায়। এ করোনাকালেও দুই কোম্পানি মিলে গঠিত লাফার্জহোলসিমের কর–পরবর্তী মুনাফায় বড় সুফল মিলছে। তার কারণ শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জের সঙ্গে একীভূত হওয়ায় হোলসিমও ১০ শতাংশ করছাড়ের সুবিধা পাচ্ছে। এ করছাড়ের সুবিধা কোম্পানির মুনাফা বাড়িয়ে দিয়েছে।

শেয়ারবাজারের কোম্পানি হিসেবে গতকাল বুধবার চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ’২০) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কোম্পানিটির মুনাফা বৃদ্ধির এ তথ্য পাওয়া গেছে। করোনাকালেও কোম্পানিটি ভালো ব্যবসা করেছে এ তিন মাসে।

কোম্পানিটি জানিয়েছে, গত জুলাই–সেপ্টেম্বর সময়ে কর–পরবর্তী মুনাফা হয়েছে ৬৫ কোটি ৪০ লাখ টাকা। ২০১৯ সালের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৩৮ কোটি ১০ লাখ টাকা। সেই হিসাবে মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৭১ শতাংশ, যার বড় অংশই এসেছে হোলসিমের করছাড়ের সুবিধা থেকে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৫৬ পয়সা। আগের বছরে ছিল ৩৩ পয়সা।

গত বছরের ২৬ নভেম্বর একীভূত হয় সিমেন্ট খাতের বহুজাতিক দুই কোম্পানি লাফার্জ ও হোলসিম। একীভূত হওয়ার পর দুই কোম্পানি মিলে নাম হয় লাফার্জহোলসিম।

লাফার্জের সঙ্গে চূড়ান্তভাবে একীভূত হওয়ার আগে লাফার্জের সহযোগী হিসেবে ব্যবসা পরিচালনা করত হোলসিম বাংলাদেশ। তালিকাভুক্ত না হওয়ার তাই হোলসিমের জন্য করহার ছিল বেশি। কিন্তু শেয়ারবাজারের কোম্পানি লাফার্জের সঙ্গে এক হয়ে যাওয়ার পর হোলসিমের কর ১০ শতাংশ কমেছে। বর্তমানে লাফার্জহোলসিম একীভূত কোম্পানি হলেও বাজারে সুপারক্রিট ও হোলসিম নামে দুই ব্র্যান্ডের সিমেন্ট বিক্রি হয়।

এদিকে, করোনার মধ্যেও লাফার্জহোলসিমের বিক্রি বেড়েছে। গত তিন মাসে কোম্পানিটি ৩৬৬ কোটি টাকার পণ্য বিক্রি করেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি।