করোনায় জাহাজ ভাড়া বৃদ্ধির সুফল বিএসসির মুনাফায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে পণ্য পরিবহনে আন্তর্জাতিক পর্যায়ে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার সুফল পেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। জাহাজের চাহিদা ও ভাড়া বেড়ে যাওয়ায় কোম্পানিটির আয় ও মুনাফায় বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বিএসসির অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন থেকে কোম্পানিটির মুনাফার চিত্র পাওয়া গেছে।

এদিকে মুনাফা বৃদ্ধির খবরে কোম্পানিটি গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির প্রায় ৮৭ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। লেনদেনে শীর্ষে উঠে এলেও শেয়ারের দাম কমেছে এদিন। যদিও গত তিন মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে তিন গুণ হয়েছে।

ডিএসইতে গত ১১ নভেম্বর বিএসসির শেয়ারের বাজারমূল্য ছিল ৪৫ টাকা ৯০ পয়সা। গতকাল দিন শেষে তা বেড়ে হয়েছে ১৪১ টাকা। মুনাফা বৃদ্ধির খবরকে কেন্দ্র করেই মূলত কোম্পানিটির শেয়ারের এ মূল্যবৃদ্ধি ঘটে। সর্বশেষ গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি ১৩০ কোটি টাকা আয় করেছে। সব খরচ বাদ দেওয়ার পর উল্লেখিত প্রান্তিকে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে ৬০ কোটি টাকা। আগের বছর অর্থাৎ ২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ছিল প্রায় সাড়ে ১৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বিএসসির মুনাফা বেড়েছে ২৬৩ শতাংশ বা সাড়ে ৪৩ কোটি টাকা।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই-ডিসেম্বর শেষে বিএসসির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ২৮ পয়সা। ২০২০ সালের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৬ টাকা ৬২ পয়সা বা ৩৯৯ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় কোম্পানিটি আয় ও মুনাফা অনেক বেড়েছে।

গত জুনে সমাপ্ত ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় সংস্থা বিএসসির বহরে মোট জাহাজ রয়েছে ৮টি। এর মধ্যে ৬টি জাহাজ কোম্পানিটির বহরে যুক্ত হয়েছে ২০১৮-১৯ সালে। ২০২০-২১ অর্থবছরে কোম্পানিটির কর–পরবর্তী মুনাফা করেছে ৭২ কোটি টাকা। ২০২১ সালের জুলাই-ডিসেম্বরে কোম্পানিটি কর–পরবর্তী মুনাফা করেছে ১২৬ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ গত অর্থবছরে কোম্পানিটি যে মুনাফা করেছে, গত ছয় মাসে তার প্রায় দ্বিগুণ মুনাফা করে ফেলেছে।