একটানা বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) শেয়ারের দাম। ১১ ডিসেম্বর থেকে টানা বাড়ছে কোম্পানিটির শেয়ারের দাম। ফলে গতকাল রোববার দিন শেষে প্রতিটি শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকা ৫০ পয়সায়।
১১ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত মাত্র চার কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১২ টাকা ৬০ পয়সা বেড়েছে। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে এটি ছিল লেনদেনের শীর্ষে।
ডিএসই ও কোম্পানির ওয়েবসাইট ঘেঁটে একটানা দাম বাড়ার মতো কোম্পানিটির মূল্য সংবেদনশীল কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটির বিষয়ে নানা ধরনের কথা প্রচলিত রয়েছে। যেগুলোর কোনো সত্যতা এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ফলে অনিশ্চিত খবরের ওপর ভিত্তি করে অনেক বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ারের প্রতি ঝুঁকছেন।
ঢাকার বাজারে গতকাল বিবিএসের ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ৪ শতাংশ। গতকাল এক দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ৪০ পয়সা বা প্রায় পৌনে ৫ শতাংশ বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, কাল মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) রয়েছে। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত কোম্পানির কারখানায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয় বিনিয়োগকারীদের। ওই এজিএমে কোম্পানি ঘোষিত লভ্যাংশের বিষয়ে শেয়ারধারীদের অনুমোদন নেওয়া হবে। শেয়ারধারীদের অনুমোদন পাওয়ার পর তা ঘোষিত লভ্যাংশ বণ্টন করা হবে।
চলতি বছরের ৩০ জুন সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটি শেয়ারধারীদের জন্য নগদ ও বোনাস মিলিয়ে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ।
ইস্পাতের বা স্টিলের ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান বিবিএস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। সর্বশেষ গত নভেম্বরের হিসাব অনুযায়ী, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে মাত্র ৩২ শতাংশ শেয়ার। বাকি ৬৮ শতাংশ শেয়ারের মালিক ব্যক্তি শ্রেণি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধান অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় কোম্পানির ৩০ শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।
এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৯ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৯৭৫ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৪৮ কোটি টাকা কম।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে আধিপত্য বিস্তার করেছে প্রকৌশল, ব্যাংক, ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি। ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪৬ শতাংশই ছিল এ চার খাতের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকটি গতকাল দিন শেষে ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৮ পয়েন্টে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৪১ কোটি টাকা কম।