কারণ জানে না চার কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ছে। কিন্তু এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কোনো কারণই জানা নেই কোম্পানি কর্তৃপক্ষের। কোম্পানিগুলো হলো লিগেসি ফুটওয়্যার, ইনটেক, দেশবন্ধু ও আরডি ফুড। ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসের ব্যবধানে এসব কোম্পানির দাম যথাক্রমে সাড়ে ছয় টাকা, চার টাকা ৪০ পয়সা, চার টাকা ২০ পয়সা ও সাড়ে পাঁচ টাকা বেড়েছে। এর মধ্যে গত কয়েক দিনেই বেশি দাম বেড়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সম্প্রতি ডিএসইর পক্ষ থেকে কোম্পানিগুলোর কাছে চিঠি দেওয়া হয়। তাতে জানতে চাওয়া হয়, মূল্যবৃদ্ধি ঘটতে পারে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কি না। চিঠির জবাবে কোম্পানিগুলো জানিয়েছে, মূল্যবৃদ্ধি পাওয়ার মতো অপ্রকাশিত কোনো তথ্য তাদের কাছে নেই। কোম্পানিগুলোর এই জবাব বিনিয়োগকারীদের জ্ঞাতার্থে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।