ক্ষোভ বিনিয়োগকারী ব্রোকার মালিকসহ সংশ্লিষ্টদের
কারিগরি ত্রুটিতে আবারও ডিএসইর লেনদেনে বিঘ্ন
আবারও লেনদেনযন্ত্রে কারিগরি ত্রুটি, আবারও বিলম্ব ও নির্ধারিত সময়ের চেয়ে কম সময়ের লেনদেন। ছয় মাস না পেরোতেই গতকাল রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন লেনদেনযন্ত্রে এই ত্রুটি দেখা দেয়।
ত্রুটির কারণে এদিন ঢাকার বাজারে চার ঘণ্টার পরিবর্তে লেনদেন হয়েছে মাত্র এক ঘণ্টা ৪০ মিনিট। এদিন দুপুর দুইটা ২০ মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত লেনদেন হয়। তাতে ডিএসইতে প্রায় ৩৪৩ কোটি টাকার লেনদেন হয়।
এর আগেও ডিএসইতে একাধিকবার যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেনে বিলম্বসহ লেনদেন বাতিলের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ২০১৪ সালের ১৩ এপ্রিল লেনদেনে বিলম্ব ঘটে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল স্বাভাবিক লেনদেন হয়েছে।
ডিএসইতে গত কয়েক বছরে একাধিক দফায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিনিয়োগকারীসহ বাজার বিশ্লেষকেরাও। এ ছাড়া গতকালের লেনদেনে বিলম্ব ও পুনরায় লেনদেন চালুর বিষয়টি নিয়েই দিনভর ধোঁয়াশার মধ্যে ছিলেন বিনিয়োগকারীসহ বিভিন্ন ব্রোকারেজ হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবু আহমেদ বলেন, যা ঘটেছে, তা এককথায় খুবই দুঃখজনক। দিনের ঘটনার অবস্থাদৃষ্টে মনে হয়েছে, বিনিয়োগকারীর স্বার্থ দেখার কেউই নেই। লেনদেনে অংশ নিতে আসা বিনিয়োগকারীরা হয়ে পড়েছিলেন অনেকটা বোকার মতো। কারও সঙ্গে যোগাযোগ করেই কোনো সদুত্তর পাওয়া যায়নি।
আবু আহমেদ আরও বলেন, স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠানের মতো নয়। এর সঙ্গে সাধারণ অনেক মানুষের স্বার্থ জড়িত। ডিএসইর উচিত ছিল ঘটনার পরপরই জরুরি সংবাদ সম্মেলন করে বিনিয়োগকারীদের এ বিষয়ে অবগত করা। অথচ দুপুর পর্যন্ত অনেক বিনিয়োগকারী জানতেনই না লেনদেন আদৌ হবে কি না?
ডিএসইর বর্তমান লেনদেনযন্ত্রটি ব্যবহারবান্ধব নয় বলেও মন্তব্য করেন আবু আহমেদ।
প্রচলিত বিধান অনুযায়ী, স্বাভাবিক সময়ে প্রতি কার্যদিবসে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে বিরতিহীনভাবে তা বেলা আড়াইটা পর্যন্ত চলে। অর্থাৎ স্বাভাবিক কার্যদিবসে প্রতিদিন চার ঘণ্টা লেনদেন হয়। সেখানে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল লেনদেন হয়েছে মাত্র এক ঘণ্টা ৪০ মিনিট।
জানা গেছে, গতকাল সকালে লেনদেন শুরুর আগে ত্রুটির বিষয়টি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে পুনরায় লেনদেন শুরু বা আদৌ দিনের লেনদেন হবে কি না, তা সুস্পষ্ট করে জানানো হয়নি। এ কারণে দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারী ও লেনদেনের সঙ্গে যুক্ত ব্রোকারেজ হাউস (বর্তমানে লেনদেনের সনদধারী প্রতিষ্ঠান ট্রেক হোল্ডার হিসেবে অভিহিত) কর্মকর্তারা অনিশ্চিত অপেক্ষায় অলস সময় পার করেন।
এ অবস্থায় দুপুর দুইটা ১০ মিনিটে ডিএসইর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়, দুইটা ২০ মিনিটে লেনদেন শুরু হবে এবং তা চলবে বিকেল চারটা পর্যন্ত। এই সময়সীমা সম্পর্কে অনেক বিনিয়োগকারী ওয়াকিবহাল ছিলেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
দিন শেষে ডিএসইর এক বিজ্ঞপ্তিতে কারিগরি ত্রুটির বিষয়টি তুলে ধরা হয়। সংস্থাটি জানিয়েছে, আজ সোমবার আগের নিয়মেই যথারীতি লেনদেন চলবে।
ডিএসইর একাধিক সদস্য বা ব্রোকারেজ হাউস মালিক বলেন, লেনদেনকে ত্রুটিমুক্ত ও আধুনিক করার কথা বলে বিপুল অর্থ ব্যয় করে নতুন নতুন যন্ত্রপাতি কেনা হয় আর কিছুদিন না যেতেই তাতে আবারও সমস্যা দেখা দেয়।
গত বছরের ১১ ডিসেম্বর বর্তমান লেনদেনযন্ত্র চালু করে ডিএসই। এর আগের লেনদেন যন্ত্রটির নাম ছিল ‘এমএসএ প্লাস’। পুরোনো ওই যন্ত্রে একাধিকবার সমস্যা ও কারিগরি ত্রুটির কারণে লেনদেনে বিলম্ব ঘটে।
এদিকে গতকালের ঘটনায় ডিএসইর কাছ থেকে লিখিত প্রতিবেদন চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান জানান, প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।