কেডিএস এক্সেসরিজের আইপিও অনুমোদন
দেশের শেয়ারবাজারে আসছে চট্টগ্রামকেন্দ্রিক শিল্পপ্রতিষ্ঠান কেডিএস এক্সেসরিজ। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২৪ কোটি টাকা সংগ্রহ করবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় গতকাল বুধবার কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়েছে।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বলা হয়েছে, আইপিওতে কেডিএস এক্সেসরিজের প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। শেয়ারবাজারের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত টাকায় ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধ করবে কোম্পানিটি।
আইপিও আবেদনের সঙ্গে এই কোম্পানি বিএসইসিতে ২০১৩ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে, তাতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ২ টাকা ২৯ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস।
খোঁজ নিয়ে জানা গেছে, কেডিএস এক্সেসরিজ তৈরি পোশাক খাতের প্রয়োজনীয় প্রায় সব ধরনের সরঞ্জাম প্রস্তুতকারক এবং শতভাগ রপ্তানিমুখী একটি প্রতিষ্ঠান। ১৯৯১ সালে এটির যাত্রা শুরু হয়। বর্তমানে ঢাকার গাজীপুর ও চট্টগ্রামে প্রতিষ্ঠানটির আলাদা দুটি কারখানা রয়েছে। আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকায় গাজীপুরে তৃতীয় ইউনিট বা কারখানা স্থাপন করা হবে।
কেডিএস এক্সেসরিজ দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান কেডিএস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। কেডিএস গ্রুপের ব্যবসার মধ্যে রয়েছে তৈরি পোশাক কারখানা, স্টিল মিল, আবাসন, ব্যাংক, বিমা ও শিপিং ইত্যাদি।
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে বিএসইসিতে কোম্পানিটির আইপিও আবেদন জমা দেওয়া হয়। শুরুতে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৭ টাকা অধিমূল্য যোগ করে কোম্পানিটির প্রতিটি শেয়ারের আইপিওর দাম চাওয়া হয় ৩৭ টাকা। কিন্তু দুই বছরের অধিক সময় পর এসে গতকাল বিএসইসি কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে।