কোনো কারণ ছাড়াই বাড়ছে বিডি ওয়েলডিংয়ের দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। আজ সোমবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, ২২ নভেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। শেয়ারটির দর ওই দিন ২০ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সবশেষ আজ দুপুর ১২টা পর্যন্ত ২৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক মাসে শেয়ারটির দর বেড়েছে ৬৭ শতাংশ। শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।
১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশ ওয়েল্ডিংয়ের উৎপাদন বন্ধ আছে। ডিএসইর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সাল শেষে কোম্পানিটির লোকসানের পরিমাণ ছিল ১১ কোটি ১৩ লাখ টাকা। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ৭২ পয়সা। দুই বছর ধরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল তারা। কোনো কোম্পানি যদি বছর শেষে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে না পারে, তাহলে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়।
আজও বাড়তে দেখা যাচ্ছে ক্রমাগত লোকসানে থাকা জেড ক্যাটাগরির আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের দর। আজ দুপুর ১২টা পর্যন্ত শেয়ারটির দাম গতকালের চেয়ে বেড়েছে প্রায় ৫ শতাংশ (৪০ পয়সা)। এ সময় পর্যন্ত শেয়ারটির দাম উঠেছে সাড়ে আট টাকা। গত এক মাসে এই শেয়ারের দর বেড়েছে প্রায় ৬০ শতাংশ।
এদিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আজও অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ১ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৭ পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় ৩৮৮ কোটি ৮৪ লাখ টাকা। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১০৭টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির।
গতকাল সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ১৪ দশমিক ৩৬ পয়েন্ট। মোট লেনদেন হয় ৭৯০ কোটি ৮৩ লাখ টাকা।
ডিএসইতে আজ দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে আছে লঙ্কা-বাংলা ফিন্যান্স, ইসলামী ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ফুয়াং ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল, ঢাকা ব্যাংক লিমিটেড, আরএসআরএম স্টিল, সিএমসি কামাল, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও বিডি থাই।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১৪ দশমিক ৯৫ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১৮ কোটি ৯৬ লাখ টাকা। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৭৪টির। দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির।