কেমন ছিল গত সপ্তাহের বাজার? জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাজারে ধারাবাহিক কোনো প্রবণতা ছিল না। যার কারণে একেকজন একেক দিকে ধাবিত হয়েছেন। বিনিয়োগকারীরা যখন যে শেয়ার সম্পর্কে তথ্য পেয়েছেন সঠিক যাচাই বাছাই না করে সেই শেয়ারের দিকে ঝুঁকেছেন। এটি ঘটার কারণে বাজারে ধারাবাহিক ও সঠিক তথ্যভিত্তিক কোনো পথনির্দেশনা ছিল না। এ ধরনের পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের গুজবনির্ভর বিনিয়োগের প্রবণতা বাড়ে। কারণ সিদ্ধান্ত নেওয়ার মতো তাঁরা সঠিক কোনো পথনির্দেশনা খুঁজে পান না।
তাহলে এ ধরনের পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের কী করা উচিত—জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, বাজারে এমন প্রবণতা থাকলে সাধারণ বিনিয়োগকারীদের উচিত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। সেটি সম্ভব না হলে ধৈর্য ধরে অপেক্ষা করা। আর কোম্পানিগুলো যখন তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে, তার ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া।
মনিরুজ্জামান আরও বলেন, চলতি মাসে পর্যায়ক্রমে অনেক কোম্পানি তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। কিছু কোম্পানির বছর শেষের লভ্যাংশ ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। যা সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক হতে পারে।