কয়েক দিনের দরপতন শেষে কিছুটা ঘুরল শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের দরপতনের পর গতকাল সোমবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের তুলনায় গতকাল সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে।
ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৬৪৪ দশমিক ৬৩ পয়েন্ট। অবশ্য আগের দিন এ সূচকের পতন হয়েছিল ৬৮ দশমিক ৫৯ পয়েন্ট। আগের সপ্তাহের দুই দিনসহ গত রোববার পর্যন্ত ডিএসইক্সের পতন হয়েছিল মোট ১৫০ পয়েন্ট।
ডিএসইর তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বাজারটিতে গতকাল ৩২১টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। এর বাইরে লেনদেন হওয়া ৩৮টি মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৪টির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর।
ডিএসইতে অবশ্য লেনদেন খুব একটা বাড়েনি। সর্বশেষ পতনের দিন গত রোববার এই বাজারে লেনদেন হয়েছিল ৩১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। আর গতকাল সূচক বৃদ্ধির দিনও লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন ৩০০ কোটি টাকার ঘরেই রয়েছে।
ডিএসইর তথ্য বলছে, গতকাল লেনদেনের শীর্ষে থাকা কোম্পানি হচ্ছে লাফার্জ সুরমা সিমেন্ট। দিন শেষে কোম্পানিটির ২৭ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ৮২ হাজার টাকার। ১৫ কোটি ২৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে গতকাল তৃতীয় ছিল কেডিএস এক্সেসরিজ।
লেনদেনের শীর্ষে এরপরই রয়েছে যথাক্রমে এমারল্ড অয়েল, ইফাদ অটোস, গ্রামীণফোন, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক এবং সিভিও পেট্রোকেমিক্যালস।
এদিকে সিএসইর সাধারণ সূচক সিএসসিএক্স গতকাল ৪৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দিন শেষে দাঁড়িয়েছে ৮৬১৪ দশমিক ১০ পয়েন্ট। কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে গতকাল বেড়েছে ৯০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। এই বাজারে গতকাল লেনদেন হয়েছে ২৯ কোটি ৩৩ লাখ টাকার সিকিউরিটিজ।
সার্বিক বিবেচনায় কী হচ্ছে শেয়ারবাজারে, তা জানতে চাইলে ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, বাজারে সাম্প্রতিক উত্থান-পতন হয়েছে মূলত গ্রামীণফোন ও লাফার্জ সুরমা—এ দুই বহুজাতিক কোম্পানির কারণে। তিন দিন দুটি কোম্পানির শেয়ার দর কমেছে বলেই গোটা বাজারের সূচকে নেতিবাচক প্রভাব পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, গতকাল কোম্পানি দুটির দর সামান্য বেড়েছে, তাই সূচকও ইতিবাচক ধারায় এসেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, চলতি মাসেই বেশ কয়েকটি কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসবে। সাইদুর রহমান আশাবাদী যে লভ্যাংশ ঘোষণার বিষয়টি আগামী দিনে বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।
গতকালের সূচক বৃদ্ধিতে পেছনের কারণ কী হতে পারে বলে মনে করেন—জানতে চাইলে শেয়ারবাজার নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মিজানুর রহমান বলেন, কয়েক দিনের পতনের পর গতকাল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভালো বিনিয়োগ করেছেন। এতে ভালো ভূমিকা পালন করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
চলতি মাসেই ১০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা: ১০টি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে চলতি মাসের মধ্যেই, যাতে এগুলোর লভ্যাংশ নির্ধারিত হবে। এর মধ্যে ২৬ অক্টোবরই লভ্যাংশ ঘোষণা আসবে ছয়টি কোম্পানির। ওই দিন অলিম্পিক এক্সেসরিজ ও ঝিলবাংলা সুগার মিল, শ্যামপুর সুগার মিল ও রহিম টেক্সটাইল, তিনটায় ইমাম বাটন এবং রেনইউক যজ্ঞেশ্বরের লভ্যাংশ ঘোষণা আসবে।
পরদিন ২৭ অক্টোবর মালেক স্পিনিং ও বেঙ্গল থার্মোপ্লাস্টিকসের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এর পরদিন ২৮ অক্টোবর সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং সায়হাম টেক্সটাইলের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিগুলোর ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা হবে সভাগুলোতে।