খুলনা প্রিন্টিংয়ে চরম হতাশ বিনিয়োগকারী
মিথ্যা তথ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানিটি এবার বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। ২৭ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় কোনো লভ্যাংশ না দেওয়ার বা নো ডিভিডেন্ড ঘোষণা দেওয়া হয়।
গতকাল রোববার খবরটি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হলে, তা কোম্পানিটির শেয়ারের দামে নেতিবাচক প্রভাব ফেলে। দিন শেষে ১০ শতাংশের বেশি দরপতন ঘটে কোম্পানিটির শেয়ারের দামের।
খুলনা প্রিন্টিংয়ের দামের পাশাপাশি সূচক ও লেনদেন কমেছে দুই শেয়ারবাজারে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৩১ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৬০৫ পয়েন্টে। লেনদেনও আগের কার্যদিবসের চেয়ে ১৪৯ কোটি টাকা কমে নেমে এসেছে ৪৫৭ কোটিতে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল প্রায় ৯৯ পয়েন্ট কমেছে। আর লেনদেন আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১১ কোটি টাকা কমে নেমে এসেছে ৩৮ কোটি টাকায়।
এদিকে তালিকাভুক্তির দুই বছর না যেতেই বিনিয়োগকারীদের চরমভাবে হতাশ করেছে খুলনা প্রিন্টিং। ২০১৪ সালের আগস্টে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রসপেক্টাস প্রকাশ করা হয়, সেটি ছিল মিথ্যা তথ্যে ভরা। সে সময় ওই নিয়ে প্রথম আলোসহ একাধিক সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে কোম্পানিটির আইপিওর চাঁদা গ্রহণের ওপর আদালত নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে অন্য আদালতের আদেশে আইপিওর চাঁদা গ্রহণের অনুমতি মেলে।
আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে কোম্পানিটি ৪০ কোটি টাকা সংগ্রহ করে। এ জন্য ১০ টাকা মূল্যে ৪ কোটি শেয়ার বিক্রি করা হয়।
এদিকে তালিকাভুক্তির পর দুবার লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। প্রথমবার ২০১৪ সালের জুনে সমাপ্ত অর্থবছরের জন্য নগদ ও বোনাস মিলিয়ে ১৫ শতাংশ এবং পরের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। কিন্তু ২০১৫ সালের লভ্যাংশের টাকা সময়মতো বিতরণ করতে না পারায় দেড় বছরের মাথায় এসে কোম্পানিটি জাঙ্ক বা দুর্বল মৌলভিত্তির ‘জেড’ শ্রেণিভুক্ত হয়। আর দুই বছরের মাথায় এসে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা হয়।
২০১৬ সালের জুনে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি আয়ের যে হিসাব প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে বছর শেষে এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে মাত্র ৩৩ পয়সা। ২০১৫ সালের জুনে সমাপ্ত অর্থবছরে যা ছিল ১ টাকা ৫১ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ১ টাকা ১৮ পয়সা।
কোম্পানিটি প্রকৃত নগদ অর্থপ্রবাহের যে তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে ২০১৬ আর্থিক বছর শেষে কোম্পানির হাতে শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ৫ টাকা ৬০ পয়সা ঋণাত্মক।
ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন মোহাম্মদ মুসা প্রথম আলোকে বলেন, কোম্পানির ব্যবসা ভালো না চললে নগদ অর্থের সরবরাহ নেতিবাচক হয়ে যায়।
কোনো লভ্যাংশ ঘোষণা না করার খবরে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারের ১০ শতাংশের বেশি বা ৯০ পয়সা দাম কমেছে। দিন শেষে এটির দাম নেমে আসে ৭ টাকা ৭০ পয়সায়।
কোম্পানির সার্বিক অবস্থা সম্পর্কে জানতে এটির চেয়ারম্যান আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে গত সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোম্পানির উৎপাদন কার্যক্রম বলতে গেলে একপ্রকার বন্ধ রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে কর-সংক্রান্ত মামলা-মোকদ্দমার কারণে এ অবস্থা তৈরি হয়েছে।’