গতি ফিরে পাচ্ছে লেনদেন ও সূচক
দেশের শেয়ারবাজারে লেনদেন ও সূচকে গতি ফিরতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার দিন শেষে লেনদেন আগের দিনের চেয়ে ৮০ কোটি বা প্রায় সোয়া ৭ শতাংশ বেড়েছে।
দিন শেষে গতকাল ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৭৪ কোটি টাকা। গত ২৬ জানুয়ারির পর এটিই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন, ওই দিন ডিএসইতে ১ হাজার ২৭০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে অর্ধকোটি টাকা বেশি। লেনদেনের পাশাপাশি উভয় বাজারে গতকাল সূচকও বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৬০০ পয়েন্টে। গত ২৪ জানুয়ারি ডিএসইর প্রধান এ সূচক ৫ হাজার ৭০০ পয়েন্টে ওঠার পর পতন শুরু হয়েছিল। কয়েক দিনের বড় দরপতনে সূচকটি কমে সর্বনিম্ন ৫ হাজার ৩০০ পয়েন্টের কাছাকাছি নেমে এসেছিল। সেখান থেকে সূচকটি আবারও একটু একটু করে বাড়তে শুরু করে। সিএসইর সার্বিক সূচকটি গতকাল দিন শেষে ১২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩২৭ পয়েন্টে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটানা উত্থানের পর হঠাৎ কয়েক দিনের বড় দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ভীতি ছড়িয়ে পড়ে। এ কারণে অনেক বিনিয়োগকারী হাত গুটিয়ে নেন। কিন্তু গত কয়েক দিনে বিনিয়োগকারীরা সেই ভয় থেকে বেরিয়ে বাজারে অংশগ্রহণ করতে শুরু করেছেন। এতে লেনদেনে কিছুটা গতিসঞ্চার হয়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সূচক ও লেনদেনের দ্রুত উত্থানের চেয়ে ধীরে ধীরে স্বাভাবিক গতিতে বাজার ঊর্ধ্বমুখী হলে তা টেকসই হয়।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একটি মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, যেসব ঋণগ্রস্ত ঋণাত্মক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে লেনদেন বন্ধ হয়ে গিয়েছিল, সেসব হিসাবে লেনদেনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, যার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। এ ছাড়া বাজারের সাম্প্রতিক প্রবণতা থেকে দেখা যাচ্ছে, মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারের দাম একটু একটু করে বাড়ছে, এটিও বাজারের জন্য খুবই ইতিবাচক দিক। নতুন করে বাজারে যেসব বিনিয়োগ আসছে, তার বড় অংশই মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ হচ্ছে। এ কারণে দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রবণতা গত কয়েক দিনে কিছুটা হলেও হ্রাস পেয়েছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল আর্থিক খাতের কোম্পানি লঙ্কাবাংলা ফিন্যান্স। কোম্পানিটি ২০১৬ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। গতকাল ঘোষিত এ লভ্যাংশের খবর স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত হয়। তাতে এদিন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে কোম্পানিটির শেয়ারের প্রতি। ফলে দিন শেষে এককভাবে কোম্পানিটির প্রায় ৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় পৌনে ৭ শতাংশ। আর প্রতিটি শেয়ারের দাম এদিন প্রায় ২ শতাংশ বা ১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকায়।
ডিএসইর তথ্য অনুযায়ী ২০১৫ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরেও লঙ্কাবাংলা ফিন্যান্স নগদ ও বোনাস মিলিয়ে শেয়ারধারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যা ঘোষণা করা হয়েছিল গত বছরের ২৩ ফেব্রুয়ারি। তখন বাজারে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩৫ টাকার ঘরে। আর এ বছর লভ্যাংশ ঘোষণার সময় কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ৫০ টাকার বেশি।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে সবচেয়ে ভালো অবস্থানে ছিল বস্ত্র খাত। এ খাতের লেনদেন হওয়া ৪৫টি কোম্পানির মধ্যে ৩৬টিরই দাম বেড়েছে। তবে লেনদেনে আধিপত্য ছিল ওষুধ খাতের। ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৭ শতাংশই ছিল এ খাতের দখলে।