গুজবে এক মাসে ৬৪ শতাংশ দাম বেড়েছে ফু-ওয়াং ফুডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকানার হাতবদল হবে—এ গুজবে অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডের শেয়ারের দাম। গত এক মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৯ টাকা ৭০ পয়সা বা প্রায় ৬৪ শতাংশ বেড়েছে।

বেশ কিছুদিন ধরে বাজারে গুজব রয়েছে কোম্পানিটির মালিকানা হাতবদল হচ্ছে। এ খবরে কোম্পানিটির ১৫ টাকার শেয়ারের দাম বেড়ে এক মাসের ব্যবধানে প্রায় ২৫ টাকা হয়েছে। এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারের দাম বাড়তে পারে—এ রকম অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের হাতে নেই। অর্থাৎ দাম বাড়ার কারণ জানে না কোম্পানিটি।

মালিকানার হাতবদলের গুজব বাজারে থাকলেও কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে মাত্র পৌনে ৫ শতাংশ শেয়ার। আগে থেকেই কোম্পানিটির সিংহভাগ শেয়ারের মালিকানা সাধারণ শেয়ারধারীদের হাতে।

ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটির শেয়ারধারণ-সংক্রান্ত যে তথ্য রয়েছে তাতে দেখা যাচ্ছে, গত জুন শেষে কোম্পানিটির ৭৬ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ শেয়ারধারীদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৯ শতাংশ আর মাত্র পৌনে ৫ শতাংশ শেয়ারের মালিক কোম্পানিটির উদ্যোক্তারা।

ফু-ওয়াং ফুডের নিজস্ব ওয়েবসাইটে গত মে মাসে শেয়ারধারণ-সংক্রান্ত যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) হাতেই এককভাবে রয়েছে ১১ শতাংশের বেশি শেয়ার। কোম্পানির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাংসদ নাঈমুর রহমান। কোম্পানির ওয়েবসাইটের শেয়ারসংক্রান্ত তথ্যে দেখা যাচ্ছে, চেয়ারম্যানের হাতে কোনো শেয়ার নেই। স্বতন্ত্র পরিচালক থেকে তাঁকে চেয়ারম্যান করা হয়েছে।

এদিকে, কোম্পানিটি গত মার্চ শেষে তাদের অনিরীক্ষিত যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ২২ পয়সা। আগের বছরের একই প্রান্তিকেও তা ২২ পয়সা ছিল। আবার ২০১৬ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির ইপিএস ছিল ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৯ পয়সা।

কোম্পানির প্রকাশিত আয়সংক্রান্ত তথ্য থেকে দেখা যাচ্ছে, নয় মাসে কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। আর জানুয়ারি-মার্চ প্রান্তিকে তিন মাসের হিসাবে ইপিএস আগের বছরের সঙ্গে অপরিবর্তিত রয়েছে। জুনে কোম্পানিটির আর্থিক বছর শেষ হয়েছে।

বাজারসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আর্থিক ভিত্তির সঙ্গে সংগতি রেখে নয়, গুজবে অস্বাভাবিকভাবে দাম বাড়ছে কোম্পানিটির।

এদিকে, দেশের প্রধান শেয়ারবাজারে গতকাল সূচক ও বাজার মূলধন মিলিয়ে মোট তিনটি রেকর্ড হয়েছে। আগের দিনের মূল্য সংশোধনের পর গতকাল সূচকের উত্থান ও শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে এ রেকর্ড হয়। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৫ পয়েন্টে। ২০১৩ সালের জানুয়ারিতে নতুন করে চালু হওয়া এ সূচকটি গতকালই সর্বোচ্চ অবস্থানে উঠেছে।

এ ছাড়া রেকর্ড উচ্চতায় উঠেছে ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস। গতকাল দিন শেষে শরিয়াহ সূচকটি ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৭ পয়েন্টে। ২০১৪ সালের জানুয়ারিতে চালু হওয়ার পর এটিই শরিয়াহ সূচকের সর্বোচ্চ অবস্থান।

নতুন রেকর্ড হয়েছে ডিএসইর বাজার মূলধনেও। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস শেষে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৮৭৯ কোটি টাকায়। গতকাল দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯৫ কোটি টাকা বেশি।