গুজবে বিনিয়োগ করলে দায় নিতে হবে নিজেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন l ছবি: পিআইডি

পুঁজিবাজারে গুজব, হুজুগ ও ধারণার ওপর ভিত্তি করে বিনিয়োগ না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কেউ যদি গুজব ও একটা সাধারণ ধারণার ওপর নির্ভর করে কোনো বিনিয়োগ করেন, তার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হন, সেখানে কার দোষ? যিনি করবেন তাঁর। এ জন্য আমি বারবার বলব, যাঁরা বিনিয়োগ করবেন তাঁরা অবশ্যই কোন কোম্পানিতে বিনিয়োগ করছেন, তাদের আর্থিক অবস্থা কী, তাদের কী কী সক্ষমতা আছে, সবকিছু তথ্য নিয়ে বিনিয়োগ করবেন।’

প্রধানমন্ত্রী গতকাল রোববার সকালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’-এর উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গতকাল সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বাগত বক্তব্য দেন বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাঙালি, আমাদের সাধারণ চরিত্র হচ্ছে হুজুগে মাতা। আমরা হঠাৎ হুজুগে মেতে এমন করে ফেলি, শেষে সবকিছু হারিয়ে হায় হায় করি। যেখানে-সেখানে একটা বিনিয়োগ করে তারপর সব হারিয়ে...তারপর আসে কী, সব দোষ সরকারের, সব দোষ অর্থমন্ত্রীর, এটা যেন না হয়।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা অর্জনে বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগ শিক্ষার মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি পাবে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক সময় তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাপ্ত তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন না। তাই সর্বস্তরের বিনিয়োগকারীর সচেতনতা বৃদ্ধি এবং যৌক্তিক বিনিয়োগ সিদ্ধান্তের কলাকৌশল সম্পর্কে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বিএসইসির “দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের” উদ্যোগকে স্বাগত জানাই।’

বিএসইসি দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে এ ধরনের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে। গতকাল সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী ঢাকার আগারগাঁওয়ে নির্মিত বিএসইসির নিজস্ব ১০ তলা আধুনিক ভবনেরও উদ্বোধন করেন। ভবন উদ্বোধন করে সেখান থেকে বিআইসিসিতে মূল আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। ২০১৩ সালের ২৪ নভেম্বর ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী।

এদিকে, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং তার মাধ্যমে জনগণকে সচেতন করতে বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনও তৈরি করেছে বিএসইসি। গতকালের অনুষ্ঠানে দুটি বিজ্ঞাপন চিত্রও প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, এসব পদক্ষেপের ফলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীর আস্থা বেড়েছে। বিশ্বে বাংলাদেশের পুঁজিবাজার দ্রুত বিকাশমান ও সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছে। পুঁজিবাজারের উন্নয়নে তাঁর সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, পুঁজিবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে অর্থায়নের এক নির্ভরযোগ্য উৎস।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি স্টক এক্সচেঞ্জ ও তালিকাভুক্ত কোম্পানিতে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বাজারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে একটি শক্তিশালী বাজার গড়ে তুলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

স্বাগত বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনাকারী বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণের কথা বলেন। এর জবাবে বিশেষ অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজার যে মানে পৌঁছেছে তাতে এখন বহুজাতিক কোম্পানিগুলোর ওপর তালিকাভুক্তির চাপ তৈরি করতে পারব।’ এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন মন্ত্রী।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ পূর্তির আর দুই বছর বাকি। এ সময়ে পুঁজিবাজার আরও শক্ত ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত হবে—এটা আমার দৃঢ় বিশ্বাস।’