ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার
গতকাল ব্যাপক দরপতনের পর সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেনের গতি কম।
গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে সূচক কমে দুই পুঁজিবাজারে। প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটিও গতকাল এক দিনে ১৯০ পয়েন্ট বা ১ শতাংশ কমে। গতকালের দরপতনে ছিল ব্যাংক খাতের বড় ভূমিকা। লেনদেন হওয়া বেশির ভাগ ব্যাংকের শেয়ারের দাম কমায় তা দিন শেষে সূচকে নেতিবাচক প্রভাব ফেলে।
ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০২২ পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় ২০১ কোটি ৩১ লাখ টাকা। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১০৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির। আজকেও সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ব্যাংকিং খাতের প্রাধান্য লক্ষ করা যাচ্ছে।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৮৭ দশমিক ২২ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৭ কোটি টাকা। আজ দুপুর ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৪৮টির। দর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির।