ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব পুঁজিবাজার
এক দিন পরই ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার। গতকাল বুধবার আগামী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল এ নির্বাচন চলাকালে এশিয়ার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হলেও আজ সব আশঙ্কা দূর করে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারও ঊর্ধ্বমুখী ছিল। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন—এই আশঙ্কায় অনুমানভিত্তিক বিশ্লেষণে সূচক কমবে বলে বলা হচ্ছিল। তবে সব শঙ্কা দূর করে বেড়েছেই সূচক। আর সেই ধারাবাহিকতা আজ বজায় আছে এশিয়ার পুঁজিবাজারেও।
আজ বৃহস্পতিবার দিনভর ঊর্ধ্বমুখী থেকে জাপানের নিকেই সূচক লেনদেন শেষে বেড়েছে ৬ দশমিক ৭১ শতাংশ। তাইওয়ানের প্রধান সূচক বেড়েছে প্রায় ২ দশমিক ৫ শতাংশ। অস্ট্রেলিয়ার প্রধান সূচক বেড়েছে ৩ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া ঊর্ধ্বমুখী আছে চীনের সাংহাই কম্পোজিট সূচক, হংকংয়ের হ্যাংসেং সূচক। সূচক বেড়েছে ভারতের পুঁজিবাজারেও।
গতকাল লেনদেন শেষে যুক্তরাষ্ট্রের ডাও জোন্স সূচক বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড এবং নাসডাক সূচক বেড়েছে ১ শতাংশের বেশি।
এ ছাড়া বেশ ঊর্ধ্বমুখী ছিল ইউরোপরে পুঁজিবাজারও। যুক্তরাজ্যের পুঁজিবাজারে লেনদেনের শুরুতে ২ শতাংশের মতো দরপতন হলেও কিছুক্ষণ পর ঘুরে দাঁড়ায় বাজার। লেনদেন শেষে যুক্তরাজ্যের প্রধান সূচক বেড়েছে ১ শতাংশ। ফ্রান্স ও জার্মানির প্রধান সূচক বেড়েছে ১ দশমিক ৫ শতাংশের মতো।
এ ছাড়া মুদ্রাবাজারে গতকাল লেনদেনের শুরুতে ডলারের কিছুটা দর কমলেও পরে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায়।