চলতি বছরে প্রথম সূচক ৪৮০০ পয়েন্টে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল বুধবার দিন শেষে ৪ হাজার ৮০০ পয়েন্টে উঠেছে। চলতি বছরের মধ্যে এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান।
এদিকে গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। এদিন ডিএসইতে এককভাবে কোম্পানিটির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ৩ শতাংশ। পাশাপাশি প্রতিটি শেয়ারের দাম সোয়া ৩ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ টাকা ৫০ পয়সা।
হঠাৎ করে লাফার্জ সুরমা সিমেন্ট শীর্ষে উঠে আসার পেছনে গতকাল প্রকাশিত কোম্পানির একটি খবর মুখ্য ভূমিকা রেখেছে। এদিন খবরটি দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, ভারতের মেঘালয়ে চুনাপাথর উৎপাদন ও পরিবহনক্ষমতা আগের চেয়ে বছরে ৩০ লাখ টন বেড়েছে। ভারতের বন ও পরিবেশ মন্ত্রণালয় গত ২৮ নভেম্বর চুনাপাথর উৎপাদন ও পরিবহনক্ষমতা বাড়ানোর অনুমোদন দিয়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চুনাপাথর উৎপাদন ও পরিবহনক্ষমতা বাড়ায় এখন লাফার্জের উৎপাদনক্ষমতা বাড়ারও সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে গতকাল কোম্পানিটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়ে যায়।
লাফার্জ সুরমার পক্ষ থেকে গতকাল প্রকাশিত খবরে জানানো হয়েছে, ভারতে হিমালয় রাজ্যে ১০০ হেক্টরের চুনাপাথরের খনি রয়েছে। ভারতের হিমালয়ে নিবন্ধিত লাফার্জ সুরমা সিমেন্টের মালিকানাধীন প্রতিষ্ঠান লাফার্জ উমিয়াম মাইনিংয়ের নামে এ চুনাপাথর খনি। ভারত সরকারের অনুমোদন অনুযায়ী, ওই খনি থেকে বছরে ২০ লাখ টন চুনাপাথর উৎপাদন ও পরিবহন করতে পারত কোম্পানিটি, যা লাফার্জ সুরমা সিমেন্ট কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হতো। লাফার্জ সুরমা সিমেন্ট কর্তৃপক্ষ খনিতে চুনাপাথরের উৎপাদন ও পরিবহনক্ষমতা বাড়াতে কয়েক বছর আগে ভারত সরকারের অনুমোদন চেয়ে আবেদন করে। গত ২৮ নভেম্বর ভারতের বন ও পরিবেশ মন্ত্রণালয় সেই আবেদন অনুমোদন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানি-সংশ্লিষ্ট সূত্রটি জানায়, চুনাপাথরের উৎপাদন ও পরিবহনের ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকায় এত দিন লাফার্জের সিমেন্ট উৎপাদনক্ষমতা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার ও লাফার্জের সিমেন্ট তৈরিতে কাঁচামাল হিসেবে নিজস্ব খনিতে উৎপাদিত চুনাপাথর ব্যবহার করা হয়। ভারতের মেঘালয় থেকে দীর্ঘ একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে এ চুনাপাথর সরাসরি বাংলাদেশের সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জের কারখানায় নিয়ে আসা হয়।
আগে বছরে ২০ লাখ টন চুনাপাথর খনি থেকে উত্তোলন ও পরিবহন করা যেত। এখন তা ৫০ লাখ টনে উন্নীত হয়েছে। কাঁচামালের জোগান বেড়ে যাওয়ায় ভবিষ্যতে লাফার্জ সুরমার সিমেন্ট উৎপাদনক্ষমতা বাড়ানোরও সুযোগ তৈরি হয়েছে বলে শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা।
তবে এ বিষয়ে লাফার্জ সুরমা সিমেন্টের দায়িত্বশীল একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তাঁরা কোনো কথা বলতে রাজি হননি।
এদিকে দুই স্টক এক্সচেঞ্জে গতকাল সূচক বাড়লেও কমে গেছে লেনদেনের পরিমাণ। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০১ পয়েন্টে। চলতি বছরের মধ্যে এই প্রথমবারের মতো ডিএসইএক্স ৪ হাজার ৮০০ পয়েন্টে উঠেছে। এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৭৭ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৬৩১ কোটি টাকায়।