চার কার্যদিবস পর মূল্য সংশোধন ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার কার্যদিবস পর সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।

আজ লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী ছিল ডিএসইএক্স সূচক। তবে দুপুর ১২টার পর থেকে কমতে থাকে সূচক। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৯ পয়েন্ট। অবস্থান করছে ৪৫৬৮ পয়েন্টে।

পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, টানা চার দিন সূচক বাড়ার পর কিছুটা মূল্য সংশোধন হয়েছে আজ। বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা গেছে। তাই সূচক ও লেনদেন কিছুটা কমেছে ডিএসইতে।

ডিএসইতে আজ লেনদেন দাঁড়িয়েছে ৪১৮ কোটি টাকা। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৪২ কোটি টাকা।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল টিউবস, গ্রামীণফোন ও উত্তরা ব্যাংক।

হাতবদল হওয়া ৩২৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৬৩টির। অপরিবর্তিত আছে ৫৭টির দর।