চার কোম্পানির অধিকারমূলক শেয়ার ছাড়ার প্রস্তাব নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির অধিকারমূলক বা রাইট শেয়ার ছেড়ে আরও মূলধন সংগ্রহের প্রস্তাব নাকচ করা হয়েছে। কোম্পানিগুলো হলো বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, মোজাফফর হোসেন স্পিনিং মিলস এবং জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইস। 
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিগুলোর এ প্রস্তাব নাকচ করেছে। বিএসইসি বলছে, বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকাভুক্তির বছর না ঘুরতেই এসব কোম্পানি অধিকারমূলক শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৮ অক্টোবর বিবিএস, ১৪ আগস্ট সেন্ট্রাল ফার্মা, চলতি বছরের ২১ জানুয়ারি মোজাফফর হোসেন স্পিনিং মিলস এবং গত বছরের ১৯ জুন জেএমআই সিরিঞ্জের লেনদেন শুরু হয়। এর মধ্যে বিবিএস ও সেন্ট্রাল ফার্মা আইপিওতে গত বছর ১৪ কোটি টাকা করে মোট ২৮ কোটি এবং মোজাফফর হোসেন স্পিনিং সাড়ে ২৭ কোটি টাকা সংগ্রহ করে। আর জেএমআই সিরিঞ্জ পুনঃ তালিকাভুক্ত হয় ডিএসইতে।
বিএসইসি বলছে, কোম্পানিগুলো অধিকারমূলক শেয়ার ছাড়ার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট সময় নেয়নি। ফলে বিনিয়োগকারীদের কোম্পানিগুলো সম্পর্কে যথাযথভাবে অবহিত হওয়ার সুযোগ ছিল না।
ডিএসইর তথ্য অনুযায়ী, বিবিএস ও সেন্ট্রাল ফার্মা পাঁচটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি করে, মোজাফফর হোসেন স্পিনিং মিলস দুটি সাধারণ শেয়ারের বিপরীতে তিনটি ও জেএমআই সিরিঞ্জ একটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি অধিকারমূলক শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছিল। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এসব শেয়ার ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করার কথা। এখন আবেদন নাকচ হয়ে যাওয়ায় কোম্পানিগুলো চলতি ঘোষণা অনুযায়ী আর অধিকারমূলক শেয়ার ছাড়তে পারবে না।