চার দিন পর ইতিবাচক ধারায় শেয়ার বাজার
অবশেষে ইতিবাচক ধারায় ফিরল শেয়ারবাজার। টানা চার দিন নিম্নমুখী প্রবণতার পর আজ বুধবার সূচক বেড়েছে উভয় শেয়ারবাজারে। বেড়েছে হাতবদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। এ ছাড়া লেনদেনের পরিমাণও বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়েছে আজ নির্দিষ্ট সময়ের প্রায় পৌনে দুই ঘণ্টা পর। ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা শফিকুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন বিলম্বে শুরু হয়েছে। দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হয়ে লেনদেন শেষ হয়েছে বিকেল চারটা ১০ মিনিটে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেন শেষে ৩০ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮২১ পয়েন্টে। অন্যদিকে ১১৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে সিএসইর সার্বিক মূল্যসূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১১ দশমিক ৯২ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৮৩ টির দাম বেড়েছে, কমেছে ৭৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে সিএসইতে হাতবদল হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮ টির দাম বেড়েছে; কমেছে ৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৮ কোটি টাকা বেশি। সিএসইতে আজ লেনদেন হয়েছে ১০৫ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৬৭ কোটি টাকা বেশি।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ এই প্রতিষ্ঠানের ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরএসআরএম স্টিল, শাহজিবাজার, আলহাজ্ব টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ইমারালড ওয়েল ইন্ডাস্ট্রি প্রভৃতি।