চার দিনে লেনদেন সাড়ে ১০ হাজার কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত চার কার্যদিবসে সাড়ে ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এ চার কার্যদিবসের মধ্যে দুদিন ডিএসইর ইতিহাসে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে চার কার্যদিবস। কঠোর বিধিনিষেধের কারণে রোববার ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন হয়নি। সোমবার থেকে বৃহস্পতিবার এ চার কার্যদিবসে ঢাকার বাজারে সম্মিলিতভাবে ১০ হাজার ৬৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের চার কার্যদিবসে সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৮ হাজার ৫৩৫ কোটি টাকা। সেই হিসাবে গত চার কার্যদিবসে লেনদেন আগের চার দিনের তুলনায় দুই হাজার কোটি টাকা বেড়েছে। চলতি সপ্তাহ শেষে ঢাকার বাজারের দৈনিক লেনদেনের গড় দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৪ কোটি টাকা।
এদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল সূচকের বড় উত্থান হয়েছে ঢাকার বাজারে। বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম ও লেনদেন। তাতে দিন শেষে গতকাল বৃহস্পতিবার আবারও চারটি রেকর্ড হয়েছে। ডিএসইর তিন সূচক ও বাজার মূলধনে এ রেকর্ড হয়েছে। ডিএসইর ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৭৬ পয়েন্ট বা ১ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। আর তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ৩০ পয়েন্ট বা সোয়া ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪২৮ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ দুটি সূচক চালু হয়েছিল। চালু হওয়ার প্রায় সাড়ে আট বছর পর এসে সূচক দুটি বর্তমানে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে।
ডিএসইর অপর সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস গতকাল ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৯ পয়েন্টে। ২০১৪ সালের ২০ জানুয়ারি এ সূচকটি চালু হওয়ার প্রায় সাড়ে সাত বছর পর এসে বর্তমানে রেকর্ড উচ্চতায় অবস্থান করছে। সম্প্রতি শেয়ারবাজারের টানা উত্থানে এ তিন সূচকই আগের রেকর্ড ছাড়িয়েছে আরও আগে। ফলে এখন প্রতিদিন এ তিন সূচক বৃদ্ধি মানেই প্রতিদিনই রেকর্ড।
এ ছাড়া ডিএসইর বাজার মূলধন গতকাল ৩ হাজার ১৪৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৮৬৯ কোটি টাকায়। বাজার মূলধনও বেশ কিছুদিন আগে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। তাই এখন প্রতিদিন বেশির ভাগ শেয়ারের মূল্যবৃদ্ধি মানে বাজার মূলধনেরও রেকর্ড। ঢাকার বাজারে বৃহস্পতিবার ৩৭৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। তার মধ্যে ২০৯টিরই দাম বেড়েছে, কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম।