চার মাস পর লেনদেন আবার ২ হাজার কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন পরই আবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন শেষে দেশের প্রদান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৩ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৫৮ পয়েন্ট।

ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনও গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। আজ মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৯ কোটি টাকার, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ১৭ জানুয়ারি ডিএসইতে ২ হাজার ৩৮৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৭২০ কোটি টাকা। টানা আট কার্যদিবস পর গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে সূচক কমে। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমে ১১ পয়েন্ট ও সিএসইতে সার্বিক সূচক কমে ২৮ পয়েন্ট। তবে আজ আবার সূচক বেড়েছে।

ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত আছে ৫৬টির দর। ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, প্রিমিয়ার ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার, এনআরবিসি ব্যাংক, বিএটিবিসি, জিবিবি পাওয়ার, ন্যাশনাল ফিড মিল লিমিটেড ও এনসিসি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো প্রিমিয়ার লিজিং, প্রভাতি ইনস্যুরেন্স, দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক, জেনেক্স ইনফয়েস লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এনসিসি ব্যাংক, ইজেনারেশন লিমিটেড ও প্রাইম ইসলামি লাইফ ইনস্যুরেন্স।

অপরদিকে সিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির দর। মোট লেনদেন হয়েছে ১২৭ কোটি ৫৭ লাখ টাকার।