চার মাসের ব্যবধানে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ১ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩২১ কোটি টাকা। গত চার মাসের মধ্যে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।
এর আগে সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ৩৯৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। এরপর গতকালই সর্বোচ্চ লেনদেন হয় ঢাকার বাজারে।
লেনদেনের এ গতি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে। নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা যেমন সক্রিয় হচ্ছেন, তেমনি নতুন বিনিয়োগও আসছে বলে জানান বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।
গত কয়েক দিন ঊর্ধ্বগতির ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এখন সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। গতকাল এ সূচকটি ৪ পয়েন্টের মতো বেড়ে ৫ হাজার ৮৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান।
বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘বাজারে এখন একধরনের গতি সঞ্চার হয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। পুরোনো নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের সক্রিয় হয়ে ওঠার পাশাপাশি কিছু কিছু নতুন বিনিয়োগও আসতে দেখছি। একসময় এ বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে ব্যাপক হতাশা ছিল, সেটি এখন খুব একটা দেখা যাচ্ছে না। ফলে বিক্রির চাপটা কমেছে।’
শাকিল রিজভী বলেন, বাজারের আচরণ দেখে মনে হচ্ছে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে বর্তমানে বাজার কিছুটা স্থিতিশীল পর্যায়ে এসেছে। এখন এ স্থিতিশীলতাকে টেকসই রূপ দিতে হলে বাজারের গভীরতা বাড়াতে হবে। এ জন্য সবচেয়ে বেশি দরকার ভালো মানের কোম্পানি ও সচেতন বিনিয়োগকারী।
এদিকে দীর্ঘদিন পর গতকালের ঊর্ধ্বমুখী বাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। এদিন ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় ৬১ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ৮ পয়সা বা প্রায় সোয়া ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬০ পয়সা।
মূল্যবৃদ্ধিতে গতকাল ঢাকার বাজারে শীর্ষে ছিল তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেম। মূল্যবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে ছিল ইসলামী ব্যাংক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১১৪ পয়েন্টে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭৭ টাকা, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম।