৪ হাজার ৬০০ ছাড়াল ডিএসইর সূচক
সপ্তাহের প্রথম দিন আজ রোববার দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। গত সপ্তাহের বৃহস্পতিবারের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনও।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৫ পয়েন্টে। আর সিএসইর সার্বিক মূল্যসূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২০২ পয়েন্টে।
এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে সূচক ছয় পয়েন্ট কমে যায়। এরপর আবার ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
বৃহস্পতিবার ডিএসইর ডিএসইএক্স সূচক বেড়েছিল ২০ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছিল ৫১ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৮ টির দাম বেড়েছে। কমেছে ১৩৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫৫৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন বৃহস্পতিবারের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই স্টক এক্সচেঞ্জে ৪৭৭ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৪ টির দাম বেড়েছে। কমেছে ১১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৩৩ কোটি টাকা লেনদেন হয়েছিল।
ডিএসইতে এদিন লেনদেনে শীর্ষ অবস্থানে রয়েছে এসিআই। আজ এ প্রতিষ্ঠানটির ৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, এসিআই ফরমুলেশন, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, কেপিসিএল, ইফাদ অটোস, ইউনাইটেড এয়ার, হেইডেলবার্গ সিমেন্ট প্রভৃতি।