চীনা শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির শেয়ারবাজারে মূল্যসূচক শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। তবে লেনদেনের শুরুর দিকে একপর্যায়ে সাংহাইভিত্তিক সমন্বিত সূচক ৩ শতাংশের বেশি পড়ে গিয়েছিল, যা পরে অনেকটাই কমে আসে।
আগের দিন সোমবার তো ব্যাপক দরপতনের মুখে গোটা চীনজুড়ে শেয়ারবাজারের লেনদেন প্রথমবারের মতো বন্ধ ঘোষণা করা হয়। সেদিন প্রধান সূচকটি ৭ শতাংশ কমেছে। এর প্রভাবে এশিয়া ও ইউরোপের বড় বড় শেয়ারবাজারের সূচকগুলোও নিম্নগামী হয়ে পড়ে।
শেয়ারবাজারে অস্থিরতার পরিস্থিতিতে দৈনিক লেনদেনে ব্যাপক দরপতন ঠেকাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন গত গ্রীষ্মে ‘সার্কিট ব্রেকার’ (শেয়ার দরের উত্থান-পতনের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা) আরোপ করে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন গতকাল জানিয়েছে, দরপতন ঠেকাতে প্রয়োজনে শেয়ার বিক্রির ওপর আরও কঠোর নিয়ম আরোপের কথাও বিবেচনা করা হচ্ছে।
এদিকে চীনা কেন্দ্রীয় ব্যাংক ক্ষুদ্র বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে গতকাল অপ্রত্যাশিতভাবে বাজারে ১৩ হাজার কোটি ইউয়ান জোগান দিয়েছে, যা ১ হাজার ৯৯৪ কোটি মার্কিন ডলারের সমান। শেয়ারে বিনিয়োগের জন্য নেওয়া ঋণের সুদহার নিম্ন পর্যায়ে রাখতে এমনটি করা হয়েছে। কিন্তু এতেও খুব একটা কাজ হয়নি।
পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, চীনা বিনিয়োগকারীরা এখন আরও পদক্ষেপ ও সহযোগিতার জন্য অপেক্ষা করছেন।
সোমবার চীনা শেয়ারবাজারে দরপতনের প্রভাব পড়ে বিভিন্ন দেশে। এর মধ্যে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এফটিএসই ১০০ সূচক ২ দশমিক ৪ শতাংশ এবং জার্মানির ড্যাক্স সূচক ৪ দশমিক ৩ শতাংশ কমে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের মূল্যসূচকও কমে ২ শতাংশ।
গতকাল জাপানের নিক্কি ২২৫ সূচক শূন্য দশমিক ৪ শতাংশ, অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক ১ দশমিক ৬ শতাংশ, হংকংয়ের হেংসেং সূচক শূন্য দশমিক ৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক কোসপি শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে।
এদিকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ও সোনার দাম গতকাল মঙ্গলবারও বেড়েছে। অনেক দিন ধরে চলমান আঞ্চলিক অস্থিরতার মধ্যে ইরানের সঙ্গে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়ায় তেল ও সোনার দামে প্রভাব পড়ে।
আইজি নামে শেয়ার কেনাবেচার একটি প্রতিষ্ঠানের বিশ্লেষক বার্নার্ড অ’ বলেন, বেইজিং অর্থাৎ চীনা সরকার এখন শেয়ারবাজারের চেয়েও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্রমাবনতিতে বেশি উদ্বিগ্ন।
চীনের অর্থনীতি এখন নানা সমস্যায় রয়েছে। তেমনই একটি হলো টানা দশম মাসের মতো দেশটির পারচেজিং ম্যানেজারস ইনডেক্স বা ক্রয়ক্ষমতার সূচকের (পিএমআই) পতন। গত ডিসেম্বরে এই সূচক কমে ৪৮ দশমিক ২ পয়েন্টে নেমে গেছে। সূচকটি প্রকাশ করে কাইক্সন/মার্কিট নামের প্রতিষ্ঠান। সাধারণত পিএমআই সূচক ৫০ পয়েন্টের নিচে নামলে সেটাকে অর্থনীতি সংকুচিত হওয়ার লক্ষণ বলে গণ্য করা হয়। সূত্র: বিবিসি ও সিএনবিসি