চীনের পুঁজিবাজারে রেকর্ড ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পুঁজিবাজারে সর্বোচ্চ ধস নেমেছে। গতকাল সোমবার দেশটির অন্যতম প্রধান পুঁজিবাজার সূচক সাংহাই কম্পোজিটের সূচক কমেছে সাড়ে ৮ শতাংশ। ২০০৭ সালের ফেব্রুয়ারির পর এক দিনে চীনের পুঁজিবাজারে এটি সর্বোচ্চ দরপতনের রেকর্ড।
গতকাল দিন শেষে সাংহাই কম্পোজিটের সূচক দাঁড়িয়েছে ৩ হাজার ৭২৫ পয়েন্টে। একই কারণে চীনের শিল্প-কারখানগুলোর লভ্যাংশ কমেছে দশমিক শূন্য ৩ শতাংশ। চীন এখন উৎপাদন কর্মকাণ্ডে গত ১৫ মাসের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছে।
বিনিয়োগ প্রতিষ্ঠান আইজির বাজার বিশেষজ্ঞ বার্নার্ড আও বলেন, উৎপাদনের নেতিবাচক পরিস্থিতি চীনের অর্থনীতিকে আরও দুর্বল করে দেবে।
কয়েক মাস ধরেই চীনের পুঁজিবাজারে অস্থির অবস্থা চলছে। বছরের প্রথম দিকে বাড়লেও জুনের শেষ দিকে শেয়ারের দাম ৩০ শতাংশ পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে কিছু সময়ের জন্য লেনদেন বন্ধও রাখতে হয়। যেসব নতুন কোম্পানি পুঁজিবাজারে আসার পরিকল্পনা করছিল, তারাও সে পরিকল্পনা থেকে পিছু হটে।
পরে চীন সরকার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পুঁজিবাজারে হস্তক্ষেপ করে। অনেকেই দেশটির সরকারের পদক্ষেপের সমালোচনা করে বলছেন, অর্থনীতির আসল সমস্যাগুলো সমাধান না করে এসব স্বল্পমেয়াদি হস্তক্ষেপে কোনো লাভ হবে না। সরকারের গৃহীত পদক্ষেপের পরও বিনিয়োগকারীদের আস্থা না ফেরায় এ ধস ত্বরান্বিত হয়েছে বলে অনেকে মত দেন।
চীনের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়াকেও পুঁজিবাজার পরিস্থিতির উন্নতি না হওয়ার অন্যতম কারণ মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি।