ঈদুল আজহার ছুটির পর দ্বিতীয় লেনদেন দিবসে এসে গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ১৪ পয়েন্ট কমেছে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমেছে প্রায় ৪২ পয়েন্ট।
পাঁচ দিন ছুটির পর গত সোমবার থেকে উভয় বাজারে লেনদেন শুরু হয়। ওই দিন দুই বাজারেই সূচক বেড়েছে। তবে গতকাল সূচক কমলেও উভয় বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিন শেষে গতকাল ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৪০ কোটি এবং সিএসইতে প্রায় সাড়ে ৩ কোটি টাকা বেড়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছুটির পর বাজারের দৈনন্দিন লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ একটু একটু করে বাড়ছে। যেসব বিনিয়োগকারী ঈদের আগে লেনদেনে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন, তাঁরা আবার সক্রিয় হয়ে উঠছেন। এর ফলে লেনদেনও বাড়ছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এক দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় সাড়ে ৬ শতাংশ বা ৩ টাকা ২০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৩০ পয়সায়। এদিন এককভাবে কোম্পানিটির সাড়ে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। গত মার্চ-এপ্রিলেও ফার কেমিক্যালের প্রতিটি শেয়ারের দাম ছিল ২৫ টাকা। আর গতকাল দিন শেষে তা দাঁড়ায় প্রায় ৫২ টাকায়। তবে এ মূল্যবৃদ্ধিকে মৌলভিত্তির সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে করছেন না বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ২০১৪ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছিল।
এদিকে ঢাকার বাজারে গতকাল ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪৩৫ কোটি টাকায়। প্রধান সূচক ডিএসইএক্স দিন শেষে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৩ পয়েন্টে।
চট্টগ্রামের বাজারে গতকাল ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। মোট লেনদেন হয় সাড়ে ২৭ কোটি টাকার। আর সিএসইর সার্বিক সূচকটির অবস্থান দাঁড়ায় ১৪ হাজার ৮৬৬ পয়েন্টে।