ছুটির পর সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে
ঈদ ও সরকারি ছুটি মিলিয়ে নয় দিন বন্ধ থাকার পর আজ রোববার দেশের দুই পুঁজিবাজারে কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনই সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে সূচক বাড়লেও ডিএসইতে লেনদেনে ধীর গতি ছিল।
আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে হয় ৪৬২৩ পয়েন্ট। মোট লেনদেন হয় ৩১৪ কোটি ৯২ লাখ টাকার। গেল কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৮০ কোটি ৭৪ লাখ টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ শিপিং করপোরেশন।
আজ ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩০টির। অপরিবর্তিত আছে ৪৯টির দাম।
সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ৫৭ দশমিক ২৬ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ টাকার। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ২৭ কোটি ৭২ লাখ টাকার। আজ হাতবদল হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৪টির, অপরিবর্তিত আছে ৩৫টির।