ছয় দিন পর ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার
টানা ছয় দিন দর পতনের পর ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। আজ মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচক বাড়তে দেখা যাচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ডাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেলা সাড়ে ১১টা নাগাদ বেড়েছে ৫৯ পয়েন্ট, অবস্থান করছে ৭ হাজার ১৫৬ পয়েন্ট। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেড়েছে ২০৮ পয়েন্ট।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ২৭ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৬ টির, কমেছে ৩০ টির, অপরিবর্তিত আছে ৩৬ টির দর। গত ছয় কার্যদিবস ধরে এক টানা সূচক কমে ডিএসইতে। প্রধান সূচকটি এ সময়ে হারিয়েছে ২০৮ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ডেলটা লাইফ, এনআরবিসি ব্যাংক, ফরচুন, ওরিয়ন ফার্মা, আইএফআইসি, বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, বিএটিবিসি ও জেনেক্স ইনফয়েস লিমিটেড।
অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫ টির, কমেছে ৩৩ টির, অপরিবর্তিত আছে ২১ টির দর।