ছয় বছরেও ক্ষত শুকায়নি পুঁজিবাজারের
দেশের পুঁজিবাজারে মহা ধসের ছয় বছর পার হলেও সেই ক্ষত এখনো শুকায়নি। সরকারি-বেসরকারি পর্যায়ে নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও তার প্রভাব খুব বেশি পড়েনি বাজারে। ফলে ২০১০ সালের ধসে পুঁজিহারা বিনিয়োগকারীরা এখনো আটকে আছেন লোকসানের বৃত্তে। বিচারের আওতায় আনা হয়নি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা অভিযুক্ত ব্যক্তিদেরও।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০১০ সালের ৫ ডিসেম্বর দেশের ইতিহাসে ডিএসই সাধারণ সূচক সর্বোচ্চ স্থানে পৌঁছে। ওই দিন লেনদেন শেষে ডিএসই সূচক দাঁড়ায় ৮ হাজার ৯১৮ পয়েন্টে। সেই সঙ্গে ওই দিন মোট লেনদেনকৃত শেয়ারের সংখ্যা, বাজার মূলধন ও মোট লেনদেনের পরিমাণও সর্বোচ্চ অবস্থানে পৌঁছে। কিন্তু এর পরদিন অর্থাৎ ৬ ডিসেম্বর থেকেই শুরু হয় পতন। কয়েক দিনের ব্যবধানেই যা মহাধসে পরিণত হয়।
পুঁজিবাজারের ওই ধসে লোকসানের মুখে পড়েন লাখ লাখ বিনিয়োগকারী। সে সময় পুঁজি হারিয়ে নিঃস্ব কয়েকজন বিনিয়োগকারীর আত্মহত্যার ঘটনাও ঘটে। পুঁজিবাজারে সূচকের পতনের পর ফুঁসে ওঠেন বিনিয়োগকারীরা। প্রায় প্রতিদিনই রণক্ষেত্রে পরিণত হতে থাকে পুরো মতিঝিল এলাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষ ও মামলা-মোকদ্দমার ঘটনাও ঘটে। যার রেশ এখনো অনেক বিনিয়োগকারীকে বয়ে বেড়াতে হচ্ছে।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী বলেন, ‘ধসের পর নিঃস্ব বিনিয়োগকারীদের অবস্থা ছয় বছরেও কোনো পরিবর্তন হয়নি। বিনিয়োগকারীদের দেখার কেউ নেই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লক্ষ্য স্থির করে বিনিয়োগকারীদের জন্য কিছু করতে পারেনি বলেই আস্থা ফিরে পাননি বিনিয়োগকারীরা।’
এ সংগঠনের অপর নেতা আলমগীর হোসেন বলেন, ‘২০১০ সালের ৬ ডিসেম্বর থেকে পুঁজিবাজারে যে ধস শুরু হয়েছিল, ৩৩ লাখ বিনিয়োগকারীর পরিবার এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে।’ নিঃস্ব বিনিয়োগকারীদের রক্ষায় পুঁজিবাজার সুসংগঠিত করতে সরকারের সহায়তা কামনা করেন তিনি।
পুঁজিবাজারে ধসের পর কারণ অনুসন্ধানে খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে সরকার। ওই কমিটি কৃত্রিমভাবে বাজারে কারসাজি করা হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে। সেই সঙ্গে এই কারসাজির সঙ্গে যুক্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখসহ পুঁজিবাজার পুনর্গঠনে বেশ কিছু সুপারিশ করা হয়।
ওই তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, তদন্ত প্রতিবেদনে যে সব সুপারিশ করা হয়েছিল, তার সব কটি না হলেও বেশ কয়েকটি আংশিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। স্টক এক্সচেঞ্জে ডিমিউচুয়ালাইজেশন হলেও সেটি যথার্থভাবে হয়নি বলে তাঁর মত। তিনি বলেন, ‘ডিমিউচুয়ালাইজেশনের পরও স্টক এক্সচেঞ্জে ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর ৬০ শতাংশ। বাকি ৪০ শতাংশ পুরোনোদের মধ্য থেকেই করা হয়েছে। ফলে বাজারে এখনো এর প্রভাব রয়ে গেছে।’
এ ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদিচ্ছার অভাবকেই দায়ী করেন ইব্রাহিম খালেদ। তিনি বলেন, ‘বিএসইসি কোনো রকম দায়সারাভাবে কাজ করেছে। বিএসইসি পুনর্গঠন করা হলেও নতুন কমিশন বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারেনি। কারণ, সেখানে আকৃষ্ট করার মতো নেতৃত্ব নেই। ফলে নতুন নতুন কোম্পানি বাজারে যুক্ত হলেও বিনিয়োগকারীরা তেমন আগ্রহী নয়।’
তদন্ত প্রতিবেদনে কারসাজির অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছিল, তাঁদের কাউকে এখনো বিচারের আওতায় আনা যায়নি। বিএসইসির সদিচ্ছার অভাবেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছেন বলে মত ইব্রাহিম খালেদের। তাঁদের বিচারের মুখোমুখি করতে হলে কমিশনে ব্যক্তিত্বসম্পন্ন, সৎ, দক্ষ ও আস্থা অর্জনকারী নেতৃত্ব প্রয়োজন বলে জানান তিনি।
তবে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রশীদ লালী বলেন, ‘পুঁজিবাজার পুনর্গঠনে এত দিন যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার ফল পাওয়া শুরু হয়েছে। স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগও বাজারে আসছে। এই বিনিয়োগের ধারা যদি সঠিকভাবে ধরে রাখা যায়, তবে বাজার আরও গতিশীল হবে।’
ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মো. শাকিল রিজভী বলেন, ‘২০১০ সালের সূচককে ভিত্তি ধরে হিসাব করা ঠিক হবে না। ২০০৮ সালে ডিএসই সূচক যেখানে ছিল, এত উত্থান-পতনের পরও বর্তমানে তা দ্বিগুণের বেশি।’ পুঁজিবাজার পুনর্গঠনে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, তার অধিকাংশই কার্যকর করা হয়েছে বলে জানান তিনি।