জালিয়াতিতে ভিন্ন ভিন্ন সফটওয়্যার

বাজার-সংশ্লিষ্টরা বলছেন, কোনো কোনো ব্রোকারেজ হাউস জালিয়াতির জন্য একাধিক সফটওয়্যার ব্যবহার করে।

  • ২৩৫টি ব্রোকারেজ হাউসে ব্যবহৃত হয় ২২ ধরনের সফটওয়্যার।

  • একটি সফটওয়্যারের সঙ্গে আরেকটির কোনো মিল নেই।

  • গ্রাহকের হিসাব থেকে টাকা সরাতেই আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহৃত হয়।

  • ক্রেস্ট সিকিউরিটিজ সফটওয়্যার কারসাজি করে ১০৫ কোটি টাকা সরিয়েছে।

  • অনেক ঘটনা ঘটার পর এ বিষয়ে সজাগ হয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে ব্রোকারেজ হাউসগুলো শেয়ার লেনদেন করে সফটওয়্যারের মাধ্যমে। বিনিয়োগকারীদের শেয়ার এবং টাকা—দুটিই ব্রোকারেজ হাউসের জিম্মায় থাকে। আর বিনিয়োগকারীদের অর্থ ও টাকা সফটওয়্যারের মাধ্যমে হিসাব করা হয়। এ সফটওয়্যারকে বলা হয় ব্যাক অফিস সফটওয়্যার (বিওএস বা বস)।

কোন ব্রোকারেজ হাউস কোন সফটওয়্যার ব্যবহার করবে, এ জন্য অনুমতি নিতে হয় স্টক এক্সচেঞ্জ থেকে। কিন্তু একশ্রেণির ব্রোকারেজ হাউস অনুমতি না নিয়েই নিজস্ব সফটওয়্যার ব্যবহার করছে। শুধু তা–ই নয়, বিকল্প সফটওয়্যার ব্যবহার করে এসব প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে বেশ কিছু ব্রোকারেজ হাউসের সফটওয়্যার ব্যবহারের অনিয়ম ধরা পড়েছে। কয়েক বছর ধরে একশ্রেণির ব্রোকারেজ হাউস এ অনিয়ম করে এলেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নিষ্ক্রিয়তায় তা ধরা পড়ছিল না।

বিএসইসির নির্দেশে ডিএসই বিষয়টি খতিয়ে দেখার পর জানতে পারে, ব্রোকারেজ হাউসগুলোর একটি সফটওয়্যারের সঙ্গে আরেকটির কোনো মিল নেই। শেয়ার সংরক্ষণ ও লেনদেন নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সঙ্গে সরাসরি সংযুক্তিও নেই এগুলোর। ফলে ব্রোকারেজ হাউসগুলো সহজেই এগুলো বদলে (এডিট) ফেলতে পারে। বিশ্বের অন্যান্য দেশে সিডিবিএলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে ব্রোকারেজ হাউসগুলোর সব তথ্যের সংযুক্তি থাকে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন।

বিএসইসির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চীন, কোরিয়ার মতো দেশেও একসময় এ ধরনের সমস্যা ছিল। পরে তারা বিষয়টির সমাধান করেছে। ডিএসই-সিএসই চাইলে তাদের পরামর্শ নিতে পারে। কিন্তু তারা খুব একটা আগ্রহী নয় এ ব্যাপারে। এমনকি সফটওয়্যার ব্যবহার নিয়ে ডিএসই, সিএসই এমনকি বিএসইসি এখন পর্যন্ত কোনো প্রশিক্ষণেরও আয়োজন করেনি।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে ২৫০টি ব্রোকারেজ হাউসের মধ্যে বর্তমানে ২৩৭টির কার্যক্রম চালু রয়েছে। মালিকানার দ্বন্দ্ব, জালিয়াতি, লাইসেন্স নবায়ন না করার কারণে ১৩টির কার্যক্রম এখন বন্ধ। ব্রোকারেজ হাউসগুলোর কোনটি কাদের সফটওয়্যার সরবরাহ করছে, তার যথাযথ কোনো হিসাব এত দিন ডিএসইর কাছে ছিল না।

ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম সাইফুর রহমান মজুমদার প্রথম আলোকে বলেন, ডিএসই থেকে অনুমোদন নিয়েই সফটওয়্যার ব্যবহার করার নিয়ম রয়েছে। কিন্তু বেশির ভাগ ব্রোকারেজ হাউস তা মানছিল না। গত মাসের শেষ দিকে অনুষ্ঠিত ডিএসইর পর্ষদ বৈঠকে নিয়মটি কঠোরভাবে পরিপালন করার বিষয়ে আলোচনা হয় এবং এ নিয়ে কাজ চলছে।

সফটওয়্যার আছে ২২টি

গত ডিসেম্বরের পর বিএসইসির কাছে ২৩৫টি ব্রোকারেজ হাউসের সফটওয়্যার ব্যবহারের তালিকা পাঠিয়েছে ডিএসই। ওই তালিকায় দেখা যায়, ১৯টি সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে ব্রোকারেজ হাউসগুলোতে।

সফটওয়্যারগুলোর নাম হচ্ছে শেয়ার ইনপুট সিস্টেম প্লাস (সিআইএস প্লাস), এডিএ সফট, এডিএ সফট ইন্টারন্যাশনাল, অ্যাসোসিয়েশন ফর সার্ভে অ্যান্ড প্রোগ্রামিং সিস্টেম (এএসএপিএস), আই স্টকব্রোকিং, আইকনিক ট্রেড, আবু সফট, জেডএবি-ইআরপি, ব্লু চিপ, ক্যাপিটা, রয়েল ব্যাক অফিস, এক্সব্রোকার, বিজনেস অবজেক্ট সলিউশন, ব্রোকারস ব্যাক অফিস ম্যানেজমেন্ট, ট্রেড প্লাস, কে সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্টস, কানেক্ট সফটওয়্যার, স্পার্কটেক সফট ইন্টারফেস এবং টেকনো ক্যাপিটাল। ডিএসইর ওই তালিকার সূত্র ধরে প্রথম আলোর পক্ষ থেকে সিডিবিএলের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, ১৯টির বাইরে এইচইউবি, এম ব্যাংক এবং শুভ্র সিস্টেম নামে আরও তিনটি সফটওয়্যার রয়েছে।

সফটওয়্যারের ওই তালিকা ধরে খোঁজ নিয়ে দেখা যায়, সফটওয়্যার সরবরাহকারী বেশির ভাগ প্রতিষ্ঠানেরই কোনো ওয়েবসাইট নেই। ফলে প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে তথ্য জানারও কোনো উপায় নেই। এদের কোনো সমিতি বা অ্যাসোসিয়েশনও নেই।

সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী বলেন, সিডিবিএলের কাছে শুধু শেয়ারের হিসাব থাকে, টাকার হিসাব নয়। ব্রোকারেজ হাউসগুলো যাতে বেআইনিভাবে টাকা তুলে নিয়ে যেতে না পারে, সে ব্যাপারে নতুন উপায় বের করতে হবে। স্টক এক্সচেঞ্জকে নিয়ে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কাজ করতে পারে।

তিন ধরনের সফটওয়্যারই বেশি

এডিএ সফট বাংলাদেশ একটি প্রোপ্রাইটরশিপ প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পাস করা জহির উদ্দিন মো. বাবর। বন্ধু দিলদার আহমেদকে নিয়ে ২০ বছর আগে প্রতিষ্ঠানটি গঠন করেন তিনি। সম্প্রতি এডিএ সফট ইন্টারন্যাশনাল লিমিটেড নামে আরও একটি কোম্পানি গঠন করা হয়েছে। তাদের দুই প্রতিষ্ঠানের সফটওয়্যার রয়েছে দুটি—এডিএ সফট ও সিআইএস প্লাস।

ঢাকার মতিঝিলের সুলতান বিল্ডিংয়ের চতুর্থ তলায় উভয় প্রতিষ্ঠানেরই কার্যালয়। সম্প্রতি ওই কার্যালয়ে গিয়ে কথা হয় জহির উদ্দিন মো. বাবর ও উপব্যবস্থাপনা পরিচালক দিলদার আহমেদের সঙ্গে। জহির উদ্দিন মো. বাবর বলেন, ডিএসইর ১১৫টি ব্রোকারেজ হাউসের সফটওয়্যার সরবরাহকারী তাঁরা। ডিএসই থেকে অনুমতি নিয়ে সফটওয়্যার ব্যবহারের তথ্যটি জানা নেই বলেও জানান জহির উদ্দিন মো. বাবর।

ডিএসইর তালিকা অনুযায়ী, ব্লু চিপ ও ব্লু চিপস প্লাস নামে দুটি ব্র্যান্ডের সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান লিডস করপোরেশন। ২৫টি ব্রোকারেজ হাউস এ দুটি সফটওয়্যার ব্যবহার করছে। যোগাযোগ করা হলে লিডস করপোরেশনের ব্যবস্থাপক ফয়জুর রহমান এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আর এএসএপিএস ব্র্যান্ডের সফটওয়্যার ব্যবহার করে ১৫টি ব্রোকারেজ হাউস। এটির আলাদা কোনো কোম্পানি নেই। সফটওয়্যার তৈরি করে দেন আবু বিন রিয়াজ নামের একজন। বিএসইসি বলছে, ব্রোকারেজ হাউসগুলো ব্যাক অফিস সফটওয়্যার যথাযথভাবে ব্যবহার করে না। এ ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের তদারকিরও যথেষ্ট ঘাটতি রয়েছে।

একাধিক সফটওয়্যার ব্যবহারকারী যারা

গ্রাহকের সমন্বিত হিসাব থেকে টাকা সরালে নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জ যাতে বুঝতে না পারে, সে জন্য আলাদা সফটওয়্যার ব্যবহার করছে কিছু কিছু ব্রোকারেজ হাউস।

ডিএসইর ২০১৭-১৮ থেকে ২০১৯-২০ অর্থবছরের কমপ্লায়েন্স নিরীক্ষা করে বাণিজ্যিক অডিট অধিদপ্তর দেখেছে, ক্রেস্ট সিকিউরিটিজ অসদুদ্দেশ্যে একাধিক সফটওয়্যার ব্যবহার করে গ্রাহকের ১০৫ কোটি টাকা সরিয়ে ফেলেছে।

ক্রেস্ট সিকিউরিটিজের ওপর ২০২০ সালের জুলাইয়ে একটি তদন্ত করেছিল ডিএসই, যা ছিল অসম্পূর্ণ। সিসিএতে গ্রাহকদের ১০৫ কোটি টাকা থাকার কথা থাকলেও ছিল মাত্র ৯ লাখ টাকা—এ তথ্য ডিএসইর প্রতিবেদনেই উঠে আসে।

অডিট অধিদপ্তরকে ডিএসই জানিয়েছে, ক্রেস্ট সিকিউরিটিজ আলাদা সফটওয়্যার ব্যবহার করত কি না, তা কেউ স্বেচ্ছায় না জানালে ডিএসইর তদন্তকারী কর্মকর্তার পক্ষে জানা সম্ভব নয়।

বিএসইসির কাছে ডিএসইর পাঠানো সফটওয়্যার প্রতিষ্ঠানের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সাতটি ব্রোকারেজ হাউস একাধিক সফটওয়্যার ব্যবহার করছে। এর মধ্যে ব্রোকারেজ হাউস কান্ট্রি স্টক (বাংলাদেশ) লিমিটেড ব্যবহার করছে ব্লু চিপ ও এক্স ব্রোকার নামের দুটি সফটওয়্যার।

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি ব্যবহার করছে ব্লু চিপস, এক্স ব্রোকার এবং এএসএপিএস নামক তিনটি সফটওয়্যার। লঙ্কাবাংলা সিকিউরিটিজ ব্যবহার করছে ব্লু চিপস। এনজিবিও লঙ্কাবাংলা ইনফরমেশন সিস্টেম নামে আরেকটা সফটওয়্যার পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে লঙ্কাবাংলা সিকিউরিটিজ।

এ ছাড়া মিরর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ব্যবহার করছে এডিএ সফট এবং আবু সফট নামক দুটি সফটওয়্যার। ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস ব্যবহার করছে ব্লু চিপস এবং এডিএ সফট।

একাধিক সফটওয়্যার ব্যবহারকারী কান্ট্রি স্টকের ব্যবস্থাপনা পরিচালক খাজা আসিফ আহমেদ ১০ ফেব্রুয়ারি প্রথম আলোকে বলেন, ‘আগের সফটওয়্যার ভালো সেবা দিচ্ছিল না বলে নতুন করে একটা নিচ্ছি। এটাকেই ডিএসই দুই সফটওয়্যার ব্যবহারকারী হিসেবে ব্যাখ্যা দিচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, একক সফটওয়্যারই ব্যবহার করার নিয়ম থাকা উচিত। তাতেই সমস্যার কিছুটা সমাধান হতে পারে। তবে দুষ্টরা অনেক অগ্রগামী থাকে। ফলে এমন সব ব্যবস্থা করতে হবে, যাতে তাদের দুষ্টবুদ্ধিগুলো কাজ করতে না পারে। এ জন্য নীতি পদক্ষেপ দরকার। তার আগে দরকার ব্রোকারেজ হাউসগুলোতে সুশাসনের চর্চা।