জিপি ও রবির দাপটে লেনদেন বাড়ল ৪৫%

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে রবি আজিয়াটার পর দাপট দেখাল গ্রামীণফোন (জিপি)। গতকাল মঙ্গলবার এক দিনেই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে সাড়ে ৮ টাকা বা তিন শতাংশ। এর আগে সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞার খবরে কয়েক দিন কোম্পানিটির শেয়ারের দরপতন ঘটে।

গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গত ২৯ জুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ খবরে শেয়ারবাজারে গ্রামীণফোনের শেয়ারের দাম কমতে শুরু করে। আর তালিকাভুক্ত টেলিকম খাতের অপর কোম্পানি রবির শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, মাত্র চার কার্যদিবসে রবির প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৮ টাকা বা প্রায় ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ১০ পয়সা। তার বিপরীতে মাত্র তিন কার্যদিবসে গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম সাড়ে ১৭ টাকা কমে যায়।

তিন দিনের টানা পতনের পর গতকাল ঘুরে দাঁড়ায় গ্রামীণফোন। যদিও গতকাল লেনদেনের শুরুতে জিপির প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৫ টাকা কমে নেমে আসে ২৭৭ টাকায়। এরপর ঘুরে দাঁড়ায় শেয়ারটি। একপর্যায়ে এটির শেয়ারের দাম আগের দিনের চেয়ে ১৪ টাকা বেড়ে উঠে যায় ২৯৭ টাকায়। তবে লেনদেন শেষ হয় ২৯১ টাকায়।

অন্যদিকে, রবির শেয়ারের লেনদেন শুরু হয় মূল্যবৃদ্ধি দিয়ে। কোম্পানিটি টানা পঞ্চম দিনের মতো মূল্যবৃদ্ধির এ ধারা ধরে রেখেছে। তবে সকালে মূল্যবৃদ্ধির যে গতি ছিল দিনের মধ্যভাগে এসে তাতে কিছুটা ভাটা পড়ে। ততক্ষণে অবশ্য মূল্যবৃদ্ধির দাপুটে অবস্থানে উঠে আসে গ্রামীণফোন।

টেলিকম খাতের এ দুই কোম্পানির দাপটে গতকাল ঢাকার বাজারে লেনদেনেও বড় অগ্রগতি হয়েছে। জিপি ও রবির ওপর ভর করে ঢাকার বাজারে গতকাল লেনদেন পৌঁছেছে ৯৬১ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ২৯৮ কোটি টাকা বা ৪৫ শতাংশ বেশি। অর্থাৎ জিপি–রবির শেয়ারের দাপটে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বাড়ল ৪৫ শতাংশ। শুধু তা–ই নয়, প্রায় ১৫ কার্যদিবস পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে গতকাল। এর আগে সর্বশেষ ১৬ জুন ঢাকার বাজারে প্রায় ১ হাজার ৪৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ঢাকার বাজারে গতকালের মোট লেনদেনের প্রায় ৯ শতাংশই ছিল রবি ও জিপির। এ দুই কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৮৫ কোটি টাকা। এর মধ্যে রবির লেনদেন ৫৬ কোটি টাকার আর জিপির ২৯ কোটি টাকার। ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে দ্বিতীয় ও পঞ্চম অবস্থানে ছিল যথাক্রমে রবি ও জিপি।

জিপি ও রবি শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বেশ বড় মূলধনি কোম্পানি। ফলে বাজারে লেনদেনযোগ্য শেয়ারের পরিমাণও অনেক বেশি। এ কারণে এ দুটি কোম্পানির শেয়ারের বড় ধরনের মূল্যবৃদ্ধি বা দরপতন সূচকের ওপরও বড় প্রভাব ফেলে। দুটি কোম্পানিরই শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দিন শেষে ২৫ পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭২ পয়েন্টে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে জিপি–রবির এ দাপট বাজারের জন্য ইতিবাচক। কারণ, দুটি কোম্পানিই ভালো মৌলভিত্তির কোম্পানি।