জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাতকে অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় গতকাল মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়।
একই সভায় সময়মতো আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় পাঁচটি কোম্পানির পরিচালকদের আর্থিক জরিমানা করা হয়েছে। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিএসইসি বলেছে, জিপিএইচ ইস্পাত তাদের বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে শেয়ারধারীদের কাছে তিনটি রাইট শেয়ার বিক্রি করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৪ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা। এই মূল্যে কোম্পানিটি ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে প্রায় ২৬২ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মার্চেন্ট ব্যাংক বেনকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস।
জিপিএইচ ইস্পাত গত জানুয়ারিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বড় ধরনের বাণিজ্যিক সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানায়। এ জন্য বিদেশি এক কোম্পানির সঙ্গে ইতিমধ্যে একটি চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।
জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওই সংবাদ সম্মেলনে জানান, প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে তাঁরা কোম্পানির বড় ধরনের সম্প্রসারণ কার্যক্রম হাতে নিয়েছেন। এতে কোম্পানির রড ও বিলেট উৎপাদন প্রায় পাঁচ গুণ বাড়বে। আর সম্প্রসারণ কার্যক্রমের পর নতুন প্রযুক্তির মাধ্যমে ইস্পাতের ভবন তৈরিতে ব্যবহার্য বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানও তৈরি হবে এই কারখানায়।
কোম্পানির সম্প্রসারণকাজের জন্য ১ হাজার ৭০০ কোটি টাকার সম্ভাব্য যে ব্যয় ধরা হয়েছে, সে জন্য রাইট শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে সংগ্রহ করা হবে ২৬২ কোটি টাকা। ১ হাজার ২০০ কোটি টাকার ঋণ নেওয়া হবে দেশি-বিদেশি ব্যাংক থেকে। বাকি ২৩৮ কোটি টাকা কোম্পানির নিজস্ব তহবিল ও উদ্যোক্তাদের পক্ষ থেকে জোগান দেওয়া হবে।
পাঁচটি কোম্পানিকে জরিমানা: বিএসইসির গতকালের সভায় পাঁচটি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের জরিমানা করা হয়েছে। এর মধ্যে জাগো করপোরেশন, এম হোসাইন গার্মেন্টস, খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ও ফনিক্স ইনস্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক বাদে অন্য সব পরিচালককে দুই লাখ টাকা করে এবং সালেহ কার্পেটসের স্বতন্ত্র পরিচালক ছাড়া অন্য সব পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সময়মতো আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় এ জরিমানা করা হয়।
বাজার পরিস্থিতি: এদিকে গতকাল দেশের শেয়ারবাজারে শেষ ঘণ্টায় গিয়ে সূচক সামান্য বেড়েছে। তবে চট্টগ্রামের বাজারে লেনদেন বাড়লেও ঢাকায় কমেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দিন শেষে ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭০ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬ পয়েন্ট। দিনের বেশির ভাগ সময়ই উভয় বাজারে সূচক ছিল নেতিবাচক। কিন্তু শেষ ঘণ্টায় গিয়ে তা সামান্য ঊর্ধ্বমুখী হয়।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৩৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম। আর চট্টগ্রামের বাজারে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাড়ে ৩ কোটি টাকা বেশি। ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষ স্থানে ছিল সিটি ব্যাংক। দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গতকাল দেশীয় এ ব্যাংকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) বিনিয়োগ করবে—এমন খবর প্রকাশিত হওয়াতেই মূলত এটি লেনদেনের শীর্ষে উঠে আসে।