জেএমআই সিরিঞ্জ অধিমূল্য কমাল
অধিকারমূলক বা রাইট শেয়ারের অধিমূল্য বা প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ। কোম্পানিটি তাদের প্রতিটি অধিকারমূলক শেয়ারের অধিমূল্য ১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানির বিশেষ সাধারণ সভা বা ইজিএমে গত শনিবার অধিমূল্য কমানোর এই সিদ্ধান্ত হয়। এর আগে কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালু বা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা অধিমূল্য যোগ করে প্রতিটি অধিকারমূলক শেয়ারের দাম নির্ধারণ করেছিল ৩৫ টাকা। সেটি কমিয়ে এখন ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গতকাল রোববার এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটি বিদ্যমান প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি অধিকারমূলক শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই ঘোষণা কার্যকর করা হবে। উল্লেখ্য, অধিকারমূলক শেয়ার ছাড়ার আইনি সব চাহিদা পূরণ না হলে বিএসইসি চাইলে কোম্পানির অধিকারমূলক শেয়ার ছাড়ার প্রস্তাব নাকচ করে দিতে পারে।