বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ সোলায়মান তাঁর হাতে থাকা ব্যাংকের সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার তাঁর এ ঘোষণা প্রকাশ করা হয়। সোলায়মানের হাতে বর্তমানে ব্যাংকটির এক কোটি ৮৭ লাখ ৭৩ হাজার ৯৬০টি শেয়ার রয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে শাহজালাল ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ছিল ১১ টাকা। ব্যাংকের ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। ব্যাংকসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেয়ার বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা থেকে ব্যাংকের পাওনার একটি অংশ পরিশোধ করবেন সোলায়মান। বাকি পাওনা পরবর্তী সময়ে শোধ করা হবে। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সোলায়মানের একধরনের সমঝোতা হয়েছে বলেও জানা গেছে।