টাকা ঢুকছে, লেনদেন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
শেয়ারবাজার

কিছুটা গতি এসেছে দেশের পুঁজিবাজারে। জুলাইয়ের মাঝামাঝিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) লেনদেন ১৫০ কোটি টাকার নিচে নেমে আসে। আবার এক মাসের ব্যবধানে ডিএসইর লেনদেন ৭০০ কোটি ছাড়িয়ে যায়। লেনদেনে ইতিবাচক এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

পুঁজিবাজার বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন, জুলাই মাসে পবিত্র ঈদুল ফিতর ছিল। তখন কিছুটা মন্দা সময় কাটে বিনিয়োগকারীদের। আগস্টের শুরু থেকে বিনিয়োগকারীরা আবারও লেনদেনে সক্রিয় হওয়ায় মন্দাভাব কাটতে শুরু করে। এর প্রভাব পড়েছে বাজারে।

জুলাই-আগস্টে বিদেশি বিনিয়োগও কিছুটা প্রভাব ফেলে বলে মনে করছেন অনেকে। পাশাপাশি ব্যাংকগুলোতে আমানতের (ডিপোজিট) সুদের হার কিছুটা কমে যাওয়ায় অনেকে শেয়ারবাজারে বিনিয়োগে ঝুঁকছেন বলেও মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৩ জুলাই ডিএসইতে ১৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ঈদুল ফিতরের ছুটির পর থেকে লেনদেনের পরিমাণ বাড়তে থাকে। ১০ আগস্ট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৯০ কোটি টাকায়। চলতি সপ্তাহের চার দিনে ডিএসইতে গড় লেনদেন ৫০০ কোটির ওপর।

বাজারে ‘ফ্রেশ ফান্ড’ আসায় আগস্টে পুঁজিবাজারের লেনদেনে গতি এসেছে বলে মনে করছেন রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী। তাঁর মতে, বর্তমানে ব্যাংকগুলোতে আমানতের সুদের হার কম। তাই অনেকে শেয়ারবাজারমুখী হচ্ছেন। এ কারণে বাজারে নতুন টাকা (ফ্রেশ ফান্ড) ঢুকছে। যার প্রভাবে লেনদেনে গতি লক্ষ করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের জুন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে জুন সময়ে আমানতে সুদের হার কমতির দিকে ছিল। জানুয়ারিতে এই হার ছিল ৮ দশমিক ৪০ শতাংশ। জুনে তা নেমে আসে ৭ দশমিক ৭৯ শতাংশে। আর গত জুলাইয়ে আন্তব্যাংক কলমানি রেট ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ।

এএএ কনসালট্যান্টস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার্স লিমিটেডের পরিচালক মোহাম্মাদ এ হাফিজও মনে করেন, সম্প্রতি বাজারে তারল্য প্রবাহ বৃদ্ধি পাওয়ায় লেনদেনে প্রভাব ফেলেছে। তিনি বলেন, আগস্টে বিদেশি বিনিয়োগ অব্যাহত থাকায় তারল্য প্রবাহ বৃদ্ধি পায়।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্টে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩১৭ কোটি টাকার লেনদেন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। জুলাইয়ে এই পরিমাণ ছিল ২৫৩ কোটি টাকা। এই হিসাবে এক মাসে ৬৬ কোটি টাকা বেশি লেনদেন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, বর্তমানে অনেক ভালো কোম্পানির শেয়ারের দাম বেশ আকর্ষণীয় পর্যায়ে নেমে এসেছে। এ অবস্থায় বিনিয়োগের উত্তম মুহূর্ত। তাই এ সুযোগটি কাজে লাগাচ্ছেন অনেক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তাঁদের অনেকে নতুন করে বাজারে সক্রিয় হওয়ায় তারল্য প্রবাহ বেড়েছে, যা বৃদ্ধির অন্যতম কারণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদের মতে, সম্প্রতি শেয়ারবাজারে তারল্য প্রবাহ বৃদ্ধির অন্যতম কারণ ব্যাংকগুলোর আমানতে সুদের হার হ্রাস পাওয়া। তিনি বলেন, ব্যাংকের বিকল্প হিসেবে অনেকে শেয়ারবাজারে বিনিয়োগ করে থাকেন। আমানতের সুদহার কম হওয়ার কারণে অনেকে শেয়ারবাজারমুখী হওয়ায় বাজারে তারল্য প্রবাহ বেড়ে যায়। এর প্রভাব লেনদেনে লক্ষ করা যায়। পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ।