টানা ছয় দিন সূচকের ঊর্ধ্বগতি ডিএসইতে
সূচক বাড়ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইএক্স সূচকে বেশ ভালো ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। এ নিয়ে টানা ছয় দিন সূচক বাড়ল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে বড় ধরনের দর বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বৃদ্ধি পায় ২৬ দশমিক ৩১ পয়েন্ট। অবস্থান করে ৪৫৯৪ পয়েন্ট। লেনদেনের শুরু থেকেই আজ টানা ঊর্ধ্বগতি লক্ষ করা যায় ডিএসইতে। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে হয় ৪৫৬৮ পয়েন্ট।
ডিএসইতে আজ মোট লেনদেন হয় ৪৯৮ কোটি ৬০ লাখ টাকার, যা গত দিনের চেয়ে প্রায় ২৩ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৭৫ কোটি ৮৫ লাখ টাকা।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, বাংলাদেশ স্টিল রি–রোলিং মিলস লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ফার কেমিক্যাল, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, আইএফআইসি, মিথুন নিটিং ও সিঙ্গার বিডি। আজ ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২০টির। অপরিবর্তিত আছে ৪৬টির দাম।
সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ৮২ দশমিক ০৬ পয়েন্ট। গত কার্যদিবসে সার্বিক সূচক বাড়ে ২২ দশমিক ৪৬ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ২৬ কোটি ৯৪ লাখ টাকা। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ২২ কোটি ৭৬ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৬৯টির, অপরিবর্তিত আছে ৩৫টির।