টানা পতনে আরও নিচে নামল মূল্যসূচক
কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত নয়টি ব্রোকারেজ হাউসে গতকাল বুধবার লেনদেন হয়নি। এ ছাড়া আরও ২০টি ব্রোকারেজ হাউসে স্বাভাবিক লেনদেনে বিঘ্ন ঘটেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বাজারের সার্বিক লেনদেন ও সূচকে।
এমনিতেই আস্থাহীন শেয়ারবাজারে কয়েক দিন ধরে সূচক একটু একটু করে কমছিল। এর মধ্যে গতকালের কারিগরি সমস্যা সূচকের পতন আরও ত্বরান্বিত করে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে নেমে আসে। পাশাপাশি লেনদেন নেমে এসেছে সাড়ে তিন শ কোটির ঘরে। অথচ আগের দিনও লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৪৫ কোটি ৬২ লাখ টাকা।
স্বাভাবিক লেনদেন সম্পন্ন হলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। দিন শেষে সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় ১৪ হাজার ১২২ পয়েন্টে। এই বাজারে অবশ্য লেনদেন বেড়েছে।
এদিকে কারিগরি সমস্যা সম্পর্কে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লেনদেন যন্ত্রের ‘অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের’ ত্রুটির কারণে ২৯টি ব্রোকারেজ হাউসে লেনদেন বিঘ্নিত হয়। লেনদেন যন্ত্রের সঙ্গে মোবাইল অ্যাপ্লিকেশনের পরীক্ষামূলক সংযোগ স্থাপন করতে গিয়ে এ ত্রুটি দেখা দেয়। তবে কী কারণে এ ত্রুটি দেখা দিয়েছে তার অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
ডিএসইর একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে নয়টি ব্রোকারেজ হাউসে কোনো লেনদেন হয়নি। এ বিষয়ে ডিএসইর একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে কেউই লেনদেনে অংশ নিতে না পারা ব্রোকারেজ হাউসগুলোর নাম বলতে রাজি হননি। এ ক্ষেত্রে ডিএসইর কর্মকর্তাদের মধ্যে একধরনের গোপনীয়তার চেষ্টা পরিলক্ষিত হয়।
এদিকে লেনদেনের বিষয়ে জানতে চাইলে ডিএসইর ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ খায়রুল এনাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কারিগরি সমস্যার কারণে বেলা একটা পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিতে পারেনি। একটার পর লেনদেন যন্ত্রের সঙ্গে সংযুক্ত হতে পারলেও স্বাভাবিক লেনদেন করা সম্ভব হয়নি। এতে আমাদের অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কারিগরি ত্রুটিতে লেনদেনে ব্যাঘাত ঘটায় বিনিয়োগকারীদের যে আর্থিক ক্ষতি হয়েছে, তার দায় কে নেবে?
ঢাকার বাজারে গতকাল মূল্যবৃদ্ধিতে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বা ২ টাকা ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সায়। চলতি মাসের শুরু থেকে কোম্পানিটির শেয়ারের দাম বাড়তে শুরু করে। ৪ জানুয়ারি এর প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১৭ টাকা ২০ পয়সা।
ডিএসইতে বুধবার লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় সাড়ে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আর প্রতিটি শেয়ারের দাম ৫ শতাংশ বা ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৮০ পয়সায়।
ঢাকার বাজারে এদিন লেনদেনের পরিমাণ ছিল ৩৫৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি টাকা কম। আর চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি। তবে দুই বাজারেই লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দাম কমেছে।