টানা ৬ষ্ঠ দিনে লেনদেন ও সূচক বেড়েছে শেয়ারবাজারে
ঈদের আগে শেষ কার্যদিবসেও লেনদেন ও সূচক বেড়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এতে টানা ছয় দিনই অব্যাহত থাকল ইতিবাচক প্রবণতা।
উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও মাঝখানে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। পরে পৌনে ১২টা থেকে পরিস্থিতি আবার পাল্টাতে শুরু করে এবং ইতিবাচক প্রবণতায় শেষ হয় এই দিনের লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল সোমবারের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৫৬। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩২৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৭ টির দাম বেড়েছে। কমেছে ৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৫২০ কোটি টাকার, যা গতকালের চেয়ে ২৬ কোটি টাকা বেশি। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ৪৯৪ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫ টির দাম বেড়েছে। কমেছে ৮২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষ অবস্থানে ছিল বিএসআরএম লিমিটেড। আজ এ প্রতিষ্ঠানটির প্রায় ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।