টিকা অনুমোদনের খবরে ২১৬ পয়েন্ট বাড়ল সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১৬ পয়েন্ট। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার শেয়ারের। লেনদেনের একপর্যায়ে বিক্রেতাশূন্য হয়ে পড়ে এই দুই শেয়ারের দর।

মূলত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদনের খবরে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে আজ। গত বুধবার করোনার টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ব্যবহারের জন্য অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর গত শুক্রবার ওই টিকা ব্যবহারের অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করে সরকার। তাই এই অনুমোদনের খবরে বেক্সিমকোর শেয়ারের ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে।

ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ২৫৩টির, কমেছে ৫৮টির, অপরিবর্তিত আছে ৫০টির দর। লেনদেনও উল্লম্ফন দেখা গেছে। আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকার। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৫৪৩ কোটি ২৭ লাখ টাকার।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো ফার্মা, আইএফআইসি, বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লঙ্কা–বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড ও বিএটিবিসি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৬৭৩ পয়েন্ট। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ২০৮টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির দর।