ট্রাম্পের জয়ে অস্থির বৈশ্বিক শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে গতকাল বুধবার বৈশ্বিক শেয়ারবাজার যেন টলমল করে উঠেছে। প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার কমেছে। বড় হোঁচট খেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকোর মুদ্রা পেসো।
এদিন বিনিয়োগকারীরা ‘সেফ হ্যাভেন’ বা ‘নিরাপদ বিনিয়োগ’খ্যাত বিভিন্ন মুদ্রা ও মূল্যবান ধাতু সোনা কেনার প্রতি মনোযোগ দেন।
হিলারি ক্লিনটনকে অবিশ্বাস্যভাবে হারিয়ে ট্রাম্প বিজয়ী হওয়ায় তাতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দেয়। তাঁদের ধারণা, ট্রাম্প জেতায় বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। তবে জয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্পের দেওয়া বিবৃতিতে শেয়ারবাজারের অস্থিরতা কমে আসে। তিনি ওই বিবৃতিতে বলেন, ‘আমাদের একটি বড় অর্থনৈতিক পরিকল্পনা আছে। আমরা প্রবৃদ্ধি দ্বিগুণ করার মাধ্যমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলব।’
যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি) ৫০০ সূচকটি গতকাল লেনদেনের শুরুতে শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে পর মুহূর্তেই আবার শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে।
ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে দিনের শুরুতে গতকাল বড় ধরনের পতন ঘটতে শুরু করে। কোনো কোনো শেয়ারবাজারের মূল্যসূচকে ৪ শতাংশ পর্যন্ত পতন ঘটে। তবে দিনের শেষ ভাগে অবশ্য শেয়ারের দাম কমার প্রবণতা কমে আসে। এদিন যুক্তরাজ্যের এফটিএসই ১০০ শেয়ারসূচক কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ।
বিনিয়োগকারীরা আশা করেছিলেন, যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন জিতবেন। কিন্তু তাঁর হেরে যাওয়া বিনিয়োগকারীদের হতাশ করে।
ইউরোপের অন্য প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে গতকাল ফ্রান্সের সিএসি এবং জার্মানির ড্যাক্স সূচক ১ দশমিক ৫ শতাংশ করে পড়ে যায়। এশিয়ায় জাপানের নিক্কেই ২২৫ গতকাল ৫ দশমিক ৪ শতাংশ এবং হংকংয়ের হ্যাংসেং সূচক ও সাংহাইয়ের সমন্বিত সূচক যথাক্রমে ২ দশমিক ২ শতাংশ ও শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। ৪৬ দেশের সমন্বিত সূচক এমএসসিআই গতকাল শূন্য দশমিক ৮ শতাংশ কমেছে।
এদিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড ও ইউরোর বিনিময় হার বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। জাপানি ইয়েনের বিনিময় হার বেড়েছে ২ শতাংশ।
এদিকে গতকাল আন্তর্জাতিক বাজারে সোনার দাম কেনাবেচার শুরুতেই ৫ শতাংশ বেড়ে গিয়েছিল। তবে দিন শেষে এ হার দাঁড়ায় ২ শতাংশ। এতে প্রতি আউন্স সোনার দাম পড়ে প্রায় ১ হাজার ৩০১ ডলার।
ট্রাম্পের বিজয়ের খবরে ডলারের বিপরীতে প্রতিবেশী মেক্সিকোর মুদ্রা পেসোর বিনিময় হার কমেছে ১৩ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে গতকাল প্রতি ব্যারেল ইউএস ক্রুড অয়েলের দাম ২ ডলার বেড়ে ৪৫ দশমিক ১২ ডলারে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দামও বেড়ে ৪৫ দশমিক ৫০ ডলারে উঠেছে। সূত্র: বিবিসি, এএফপি ও ব্লুমবার্গ।